বগুড়া অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২২:৪৩ পিএম
গাবতলীর শহীদ জিয়া মডেল কলেজ। ছবি: সংগৃহীত
অর্থের অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ৩০৩ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এম আর হাসান পলাশ। তাঁর নেতৃত্বে ছাত্রদলের নেতারা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতা করেন।
তাঁদের উদ্যোগে সাড়া দিয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন নিজের তহবিল থেকে শিক্ষার্থীদের ভর্তির খরচ বহন করেন। এতে গাবতলীর শহীদ জিয়া মডেল কলেজের একাদশ ও ডিগ্রি শাখার কৃষক-দিনমজুর পরিবারের বহু শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সহজ হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে কলেজটির একাদশ শ্রেণিতে প্রায় ২৫৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। দুই মাস আগে অনুমোদন পাওয়া ডিগ্রি শাখায় ভর্তি হয়েছে আরও ৪৮ জন। দুই শাখার এসব শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সংসদ সদস্য মোরশেদ মিল্টন নিজস্ব তহবিল থেকে খরচ বহন করেছেন। সহায়তা পাওয়া শিক্ষার্থীদের অনেকে কৃষক ও দিনমজুর পরিবারের সন্তান। আর্থিক সংকটের কারণে মাধ্যমিকের পর তাঁদের অনেকের উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা ছিল।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে ছাত্রদলের নেতারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। অনলাইনে ভর্তি ফরম পূরণ থেকে শুরু করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করা হয়। পরে উদ্যোগটিকে সমর্থন জানিয়ে সংসদ সদস্য মোরশেদ মিল্টন নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের ভর্তির খরচ বহন করেন।
কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, ১৯৯৯ সালে গাবতলীতে শহীদ জিয়া মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও ছাত্রীদের কমনরুমের মতো প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে।
শিক্ষা সহায়তা দেওয়ার সময় সংসদ সদস্য মোরশেদ মিল্টন কলেজের উন্নয়নকাজ স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে গাবতলী ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।
কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসি বেগম বলেন, মাধ্যমিকের পর শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে এবারের শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রায় ২৫৫ জন এবং ডিগ্রি শাখায় ৪৮ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, সবার সহযোগিতায় প্রিয় নেতার নামে প্রতিষ্ঠিত কলেজটি অবশ্যই এগিয়ে যাবে। আর্থিক অসচ্ছলতা, পারিবারিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্র্যের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেটিই আমাদের লক্ষ্যে।