শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২২:০২ পিএম
শ্রীপুরে বিকাশের চার কোটি টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে তিন বস্তা টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে বিকাশের চার কোটি টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে তিন বস্তা টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশের হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করা হয়। হামলাকারীদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তার দুই সহকর্মী ও গাড়িচালক।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া টাকার পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি বিকাশের শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত। আহত অন্য দুজন হলেন লোন শাখার ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন (৩৫) এবং শ্রীপুর-মাওনা এরিয়ার সুপারভাইজার রিফাত (৩০)। ফাহাদ শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদের ছেলে। রিফাতের বাবার নাম মোহাম্মদ জামান। আহত গাড়িচালক লাল মিয়া (৩২) শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
আহত ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন জানান, শুক্রবার বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে মাওনার উদ্দেশে রওনা দেন। গোসিংগা পার হয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ি ঘিরে ধরে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিলেন।
তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা গাড়ির সামনের বাঁ পাশের জানালার কাচ ভেঙে হিমেলকে গুলি করে। অন্যরা চালকের পাশের জানালা এবং তার পাশে থাকা দরজার কাচ ভেঙে তাদের ওপর হামলা চালায়। এ সময় চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি ও গাড়িচালক আহত হন।
ফাহাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা গাড়ির পেছনে রাখা চার বস্তা টাকার মধ্যে তিনটি নিয়ে প্রায় দুই মিনিটের মধ্যে শ্রীপুরের দিকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ি চালিয়ে আহত ব্যক্তিদের নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিক জানান, তার প্রতিষ্ঠানের কর্মীরা নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে শ্রীপুর ও ভালুকার উদ্দেশে ফিরছিলেন। গাড়িতে চার বস্তায় মোট চার কোটি টাকা ছিল। কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গুলিবর্ষণ করে এবং কর্মীদের মারধর ও চায়নিজ কুড়াল দিয়ে আঘাত করে আহত করে। পরে গাড়ির পেছনে রাখা চার বস্তার মধ্যে তিনটি নিয়ে পালিয়ে যায়। তবে লুট হওয়া তিন বস্তায় ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি রফিক।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত ছিল, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে গুলিবিদ্ধ বলে উল্লেখ করা ব্যক্তিকে পাওয়া যায়নি, তবে অন্য আহত ব্যক্তিদের পাওয়া গেছে। তাদের অভিযোগ, নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে ফেরার পথে কর্ণপুর এলাকায় মোটরসাইকেল দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে মারধর করা হয় এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ওসি আরও জানান, পুলিশ ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।