প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২১:১৯ পিএম
প্রতিকী ছবি
বগুড়া কাহালুতে পানিতে ডুবে দুই শিশু, টাঙ্গাইলের সখীপুরে এক যুবক এবং বরগুনার আমতলীর পায়রা নদীতে এক জেলে মারা গেছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবর-
বগুড়া : বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে পাঁচ ও চার বছর বয়সী দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাই ইউনিয়নের কালাই কুরনিপাড়া এলাকার কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকার জাকির হোসেনের মেয়ে ছাগিরা খাতুন (৫) এবং আবু বক্কর সিদ্দিকের মেয়ে তামান্না খাতুন (৪)। তারা প্রতিবেশী। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরপারে খেলাধূলা করছিল শিশু দুটি। একপর্যায়ে তাদের একজন অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায় বলে প্রাথমিক ধারণা।
এদিকে পরিবারের লোকজন শিশু দুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছাগিরার বাবা জাকির হোসেন পুকুরে নেমে খোঁজাখুঁজির সময় তাদের পানিতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাহালু থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আমিনুল ইসলামসহ কয়েকজন বঁড়শি নিয়ে নৌকা যোগে বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যায় আমিনুল। পানি থেকে উঠতে দেরি দেখে স্থানীয়রা তাঁকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে পায়রা নদীতে ইলিশ ধরার জাল ও মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকার পায়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকায় পায়রা নদীতে ইলিশ ধরার জাল ও মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন ওমর আলী গাজী। এ সময় তার সঙ্গে থাকা জেলে জলিলুর রহমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করেন। তবে বুধবার দিনভর অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
তালতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে তীরে আনা হয়। নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।