সিলেট অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২১:০২ পিএম
সিলেট সিটি করপোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অনুদান বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক।
তিনি বলেন, টার্মিনালের সক্ষমতা বাড়াতেই নির্দিষ্ট মেয়াদে এ চুক্তি করা হয়েছে। চুক্তির মেয়াদ শেষে বাংলাদেশ চাইলে তা নবায়ন করতে পারবে, নতুবা চুক্তির অবসান ঘটাতে পারবে।
শুক্রবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এনসিটি চুক্তির ফলে বন্দরে কর্মরত কেউ চাকরি হারাবেন না। টার্মিনালের দক্ষতা ও সক্ষমতা বাড়লে কর্মীদের পারিশ্রমিকও বাড়বে। তিনি বলেন, চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক। এ ছাড়া ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য সুবিধা থাকায় দেশটি কখনো কখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। পরে বাংলাদেশ আবার সেই অবস্থান ফিরে পেয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি দেশের অনন্য সম্পদ।পৃথিবীর অনেক বড় গণতান্ত্রিক দেশেও এমন সম্প্রীতির নজির দেখা যায় না। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। তিনি বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৫০০ কিলোমিটারের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। বাকি সড়কের উন্নয়নের জন্যও দরপত্র আহ্বান করা হয়েছে। একই সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কগুলোর উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পূজামণ্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিদের যেকোনো প্রয়োজনে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকার অনুদান তুলে দেন বাণিজ্যমন্ত্রী।