× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রী হত্যা অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

কুমিল্লা ও যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২১:০০ পিএম

জান্নাতুল তাজমিনের মরদেহ শুক্রবার সকালে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জান্নাতুল তাজমিনের মরদেহ শুক্রবার সকালে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর (১৪) মরদেহ উদ্ধারের ঘটনায় সুমন নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সুমন ওই স্কুলছাত্রীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক। এ ঘটনায় করা হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। তাকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। নিহত তাজমিনের বাবা আবদুল আলীম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে কুমিল্লা থ-১৩-০১১৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তাজমিন কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেডের কুমিল্লা রিজিয়নাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবারটি কুমিল্লা নগরীর রেসকোর্স ধানমন্ডি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।

স্থানীয় জগতপুর গ্রামের বাসিন্দা তমাল বনিক জানান, কাঁচিকাটা-হরিশ্চর বাজার পাকা সড়কের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া এলাকায় একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে গিয়ে তারা আইলের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় গামছা প্যাঁচানো ছিল এবং মুখমণ্ডল মাটিতে চেপে রাখা ছিল।

নিহতের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর তাজমিন শহরের এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লার রেসকোর্স ধানমন্ডি এলাকার ভাড়াবাসা থেকে বের হয়। পরে সে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়।

আবদুল আলীমের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ১২টার দিকে কক্সবাজার থেকে ফিরে কুমিল্লা বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে নামার পর মেয়ের সঙ্গে তার ফোনে কথা হয়। এরপর আর যোগাযোগ করতে না পেরে সকালে মেয়ের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করেন তিনি। পরে জানতে পারেন, ফোনটির অবস্থান লালমাই থানা এলাকায়। সেই সূত্র ধরে খোঁজ করতে গিয়ে জগতপুরের ফসলি জমি থেকে মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান।

এদিকে শুক্রবার এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, কক্সবাজার থেকে ফিরে তাজমিন আইকন পরিবহনের একটি বাস থেকে নূরজাহান হোটেলের সামনে নামে। এরপর হোটেলের সামনের একটি রেস্তোরাঁয় গিয়ে দোকানিকে কিছু একটা জিজ্ঞেস করে সেখান থেকে বেরিয়ে যায়।

তাজমিন বান্ধবীদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা বলেছিল বলে জানা গেছে। পুলিশ ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে, সে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া এবং পরে কক্সবাজারে গিয়েছিল। বাস থেকে নামার সময় তার সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি ফুটেজে।

তাজমিনের মরদেহ যশোরে দাফন : জান্নাতুল তাজমিনের মরদেহ শুক্রবার সকালে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাজমিনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তার মা-বাবা ও স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা