নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:৫৩ পিএম
এএসআই দেলোয়ার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালে মাদকের আসর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩৮) থানা হেফাজত থেকে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা থেকে তিনি পালিয়ে যান। তবে ঘটনাটি জানাজানি হয় সন্ধ্যার দিকে।
এর আগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এএসআই দেলোয়ার হোসেনসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা এবং ডোপ টেস্টের জন্য এয়ারপোর্ট থানার ওসির হেফাজতে দেওয়া হয়।
আটক অন্য তিনজন হলেন দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এম এ বারির ছেলে মো. মিরাজুল ইসলাম, নগরীর কাউনিয়া থানার পলাশপুর এলাকার হেমায়েত গাজীর মেয়ে ফাতেমা আক্তার নুরজাত ও বাগেরহাটের ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার ছেলে নাহিদ হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিণ কড়াপুর এলাকায় একটি বাড়িতে নিয়মিত মাদক, বেচাকেনা, সেবন ও মাদকের আসর বসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০ মিনিট অপেক্ষার পর বাড়ির ভেতরে ঢুকে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি, তবে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ কারণে দেলোয়ার হোসেনকে এয়ারপোর্ট থানায় তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখবেন। একই সঙ্গে তার ডোপ টেস্টের জন্য সুপারিশ করা হয়েছে।
এদিকে এএসআই দেলোয়ার থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, পালাননি, আর পালিয়ে যাবেনই বা কোথায়। সরকারি চাকরি করেন না! হয়তো শাস্তি হবে বলে ভয় পেয়ে কোথাও গিয়েছেন। তার খোঁজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।