শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:৩০ পিএম
গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশেই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন ও উন্নয়ন দেখা যাবে।
শুক্রবার বিকালে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশেই বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয়নি। ঢাকার আমিন বাজারে ইতোমধ্যে ওয়েস্ট টু এনার্জি একটির প্রকল্পের কাজ নিয়েছি। ঢাকা দক্ষিণে ওয়েস্ট টু এনার্জি অ্যান্ড রিসোর্স প্রকল্পে কাজ শুরু হয়েছে। এখন আমরা জেলা ও উপজেলা শহরগুলোতে শুরু করব। যখন এই কাজগুলো শেষ হবে, যতক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা যে দূষণের কথা বলতেছি, সেই দূষণের উন্নতি করা যাবে না। আমরা এ বিষয়ে কাজ করতেছি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশেই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন ও উন্নয়ন দেখা যাবে।
সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি সাফারি পার্ক করেছি। আমাদের আইডিয়াটা হলো এটা যাতে ভালোভাবে চলে। সাফারি পার্ক কর্তৃপক্ষকে ঢাকায় সভা ডেকে সমস্যাগুলো শুনে সমাধান করব।
বনের জমিকেন্দ্রিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটা দেশের পার স্কয়ার কিলোমিটারে ১৪০০ লোক বসবাস করে, একটা দেশে প্রতি বছর ২০ লাখ লোক চাকরির বাজারে আসে। আমরা চাইলেও তো শিল্প বন্ধ করে দিতে পারব না। বর্তমানে আমাদের যে আইন, সে আইন অনুযায়ী বলা আছে একজিস্টিং শিল্পগুলো ছিল, ওদের ভেতরে বনের জায়গা উদ্ধারে মামলা করা হয়েছে। এর আগে দুপুরে মন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এরপর তিনি গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে যান।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরু-আল-মামুন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী, সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন, গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক, শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী ও সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।