রংপুর অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:২০ পিএম
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার সংসদীয় কমিটি গঠন করেছে। যেখানে বিরোধী পক্ষও রয়েছে। আলোচনার মাধ্যমে জুলাই সনদ সই হয়েছিল।
সেই সময় নোট অব ডিসেন্ট নিয়ে বলা হয়েছিল যে দল সরকার গঠন করবে তারা এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। নোট অব ডিসেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঐক্যমতের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।
শুক্রবার বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসাদুল হাবীব দুলু বলেন, রংপুর সিটি করপোরেশনে সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। সরকার সব অঞ্চলকে বৈষম্য মুক্ত রাখতে চায়। রংপুরে খাদ্য সমৃদ্ধ এলাকা। এখানকার জমি সস্তা, শ্রম সস্তা, সে কারণে শিল্প-কারখানা নির্মাণের মাধ্যমে আগামীতে বেকার সমস্যা সমাধান করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই এই সরকার দায়িত্ব নেওয়ার পর আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখার জন্য নানা উদ্যোগ নিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আগামী ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে পারব বলে মনে করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ।