রামপাল (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম
রামপাল উপজেলার ছায়রাবাদ গ্রামে শ্লীলতাহানীর মামলা করে উল্টো বিপাকে পড়ে তরুণী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রামপালে শ্লীলতাহানীর মামলা করে উল্টো বিপাকে পড়েছেন তরুণী। প্রধান আসামি জামিনে বের হওয়ার পর থেকেই মামলাটি তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকি-ধমকি দিচ্ছেন বলে দাবি তরুণীর।
এমনই অভিযোগে প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার ছায়রাবাদ গ্রামের আবু আওয়ালের মেয়ে ধর্ষণের ঘটনায় গত ২১ জুলাই রামপাল থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় পার্শবর্তী গ্রামের আ. আজিজ শেখের ছেলে শফিকুলকে। মামলার পরই রামপাল থানা পুলিশ আসামি শফিকুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
সম্প্রতি শফিকুল জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বিভিন্ন চাপ দিচ্ছেন। মামলা তুলে না নিলে অন্য কেসে উল্টো জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এ সব হুমকি-ধমকিতে দিশেহারা ওই তরুণী। তিনি বাগেরহাটের পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের সাহায্য কামনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত শফিকুলের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।