× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুলতানের মৃত্যুবার্ষিকীতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:০২ পিএম

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলের শিশুস্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে ছবি আঁকছে শিশু-কিশোররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলের শিশুস্বর্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে ছবি আঁকছে শিশু-কিশোররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রঙতুলির আঁচড়ে গ্রামবাংলার প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য ও শিল্পী সুলতানের প্রতিকৃতি ফুটিয়ে তোলে খুদে চিত্রশিল্পীরা।

শুক্রবার সকাল ১০টার দিকে নড়াইলের সুলতানের শিশুস্বর্গে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোররা নিজেদের সৃজনশীলতা ও কল্পনার মিশেলে ক্যানভাসে তুলে ধরে গ্রামীণ জনপদের চিত্র, প্রকৃতির সৌন্দর্য এবং দেশের ইতিহাস-ঐতিহ্য। পাশাপাশি তাদের আঁকা ছবিতে স্থান পায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিকৃতি। এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা এবং বরেণ্য এই শিল্পীর জীবন ও কর্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস, চিত্রশিল্পী সাকি এবং এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। তার শিল্পকর্মে গ্রামীণ মানুষের জীবনযাপন, শ্রম ও সংগ্রাম বিশেষভাবে উঠে এসেছে। দেশ-বিদেশে তার শিল্পকর্ম ব্যাপক প্রশংসা ও স্বীকৃতি অর্জন করে।

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্টের স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদের সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টারের ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকার ‘ম্যান অব এশিয়া’ সম্মাননা অর্জন করেন।

শিল্পীর স্মৃতি ও শিল্পকর্মকে ধরে রাখতে ২০০১ সাল থেকে এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা