× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৬

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:২৯ পিএম

রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাসিয়ার ও পিয়নকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাসিয়ার ও পিয়নকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলার রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাসিয়ার ও পিয়নকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১ লাখ ৪২ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত তিন দিনে নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑ উপজেলার বিশিয়া গ্রামের স্বপন, একই গ্রামের হাসান আলী, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মকর্তা অলংকার দিঘি গ্রামের সুজন ও সিমলাদার গ্রামের আবু তালেব, এজেন্ট ব্যাংকের পিয়ন অলংকার দিঘি গ্রামের রাসেল বাবু এবং মোটরসাইকেল মালিক রাব্বি আলী। 

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের দুই ক্যাশিয়ার এবং পিয়ন মোটরসাইকেলে আদিমদিঘী রেল গেট থেকে ৩৪ লাখ টাকা নিয়ে তার মালিক ফিরোজ হোসেনের আবাদপুকুর বাজার শাখায় রওনা দেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রানীনগরের পারইল বাজার পার হয়ে বাংলালিংক টাওয়ারের সামনে গেলে তাদের পথ রোধ ও মারধর করে ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা। 

ঘটনার দিন রাতেই তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে জেলা গোয়েন্দা পুলিশ ও রাণীনগর থানা পুলিশ প্রাথমিক ক্লু উদ্ঘাটন করে এবং মোটরসাইকেলের মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করে। এরপর গত ৭ ও ৮ অক্টোবর নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরে ধারাবাহিক অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায় ব্যাংকের অফিস সহায়ক রাসেল, কর্মকর্তা সুজন ও আবু তালেব দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলে ৭-৮ লাখ টাকা হেরে যান। গ্রাহকদের জমা না দেয়া টাকা জুয়ায় উড়িয়ে দেয়ায় বিপাকে পড়ে তারা স্বপন ও হাসানসহ সহযোগীদের নিয়ে দীর্ঘ এক মাস ধরে এই ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন ক্যাশিয়ার নাজমুলকে সঙ্গে নিয়ে টাকা আনতে যান অফিস সহায়ক রাসেল। টাকা নিয়ে ফেরার সময় রাসেল নিয়মিত গোপনে ছিনতাইকারীদের নিজেদের অবস্থান জানাচ্ছিলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছালে স্বপন ও হাসান তাদের পথরোধ করে আক্রমণ করে। এ সময় ক্যাশিয়ার নাজমুল প্রকৃত ভিকটিম হওয়ায় তাকে লোহার পাইপ দিয়ে সত্যি সত্যিই মারধর করা হয়, আর টাকা বহনকারী রাসেল ছিলেন সাজানো বা মিথ্যা ভিকটিম।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ছিনতাই হওয়া ৩৪ লাখ টাকার মধ্যে ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারী ১০ লাখ টাকা এবং বাকি টাকা অন্য ছিনতাইকারীরা নেয়ার পরিকল্পনা করেছিল। এর মধ্যে ছিনতাইকারী স্বপন ও হাসানকে প্রাথমিকভাবে দেড় লাখ টাকা দিয়ে দিনাজপুর পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।’

সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি ডিবি) হাসিবুল্লাহ হাসিব, নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা