মোস্তাফিজুর রহমান সাইফুল, মাদারগঞ্জ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:০৮ পিএম
মাদারগঞ্জে দেশের ৩০তম গ্যাসক্ষেত্র ‘জামালপুর-১’-এ গ্যাসের সন্ধান পাওয়ার পর এবার আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জে দেশের ৩০তম গ্যাসক্ষেত্র ‘জামালপুর-১’-এ গ্যাসের সন্ধান পাওয়ার পর এবার আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
প্রস্তাবিত ‘জামালপুর-২’ ও ‘জামালপুর নর্থ-১’ কূপের স্থান নির্ধারণ ও মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। এখন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদনের অপেক্ষা। নতুন কূপ দুটিতে বাণিজ্যিক গ্যাসের মজুদ পাওয়া গেলে দেশের জ্বালানি সরবরাহ বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে।
বাপেক্সের ফিল্ড ইনচার্জ বাইজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন এই দুটি কূপের অনুমোদন মিললে খুব দ্রুতই মাঠপর্যায়ে খননকাজ শুরু করা হবে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, মাদারগঞ্জ উপজেলার তিনটি স্থানে গ্যাস অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রম চালানো হবে। এর মধ্যে প্রথম কূপ ‘জামালপুর-১’ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামে অবস্থিত। নতুন দুটি কূপের জন্য গুনারীতলা ইউনিয়নের সিংদহ এবং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত স্থানগুলোতে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন কূপ দুটির প্রতিটি প্রায় ২ হাজার ৫০০ মিটার গভীর পর্যন্ত খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি হবে অনুসন্ধান কূপ, অন্যটি অ্যাপ্রেইজাল কাম ডেভেলপমেন্ট কূপ। অনুসন্ধান কূপের মাধ্যমে ভূগর্ভে গ্যাসের উপস্থিতি যাচাই করা হবে। আর অ্যাপ্রেইজাল বা মূল্যায়ন কার্যক্রমের মাধ্যমে গ্যাসসমৃদ্ধ স্তরের বিস্তার, মজুদ এবং উৎপাদন সম্ভাবনা সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। এসব ফলাফলের ভিত্তিতেই বাণিজ্যিক উত্তোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে সেখানে সিসমিক জরিপে গ্যাসের উপস্থিতির সম্ভাবনা শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে ২০১৪-১৫ অর্থবছরে সিসমিক উপাত্ত সংগ্রহ এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে ‘জামালপুর-১’ অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ২৪ জানুয়ারি কূপটির খননকাজ শুরু হয়। কূপটি প্রায় ২ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। ভূগর্ভের প্রায় ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার গভীরতায় গ্যাসসমৃদ্ধ স্তর শনাক্ত হয়েছে। প্রাথমিক মূল্যায়নে কূপটি থেকে দৈনিক ৫ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত মজুদ মূল্যায়ন, কূপের উৎপাদনক্ষমতা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলের ওপর প্রকৃত উৎপাদন নির্ভর করবে।
বাপেক্সের পরিকল্পনা ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, নতুন কূপ দুটি ‘জামালপুর-২’ এবং ‘জামালপুর নর্থ-১’ নামে নামকরণ করা হয়েছে। বর্তমানে প্রকল্প দুটি পরিকল্পনা কমিশনের ডিপিপি অনুমোদনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। নতুন কূপগুলোতে পর্যাপ্ত বাণিজ্যিক গ্যাস পাওয়া গেলে তা উত্তোলন ও জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে শুধু কূপ খনন করলেই হবে না; গ্যাস প্রক্রিয়াজাতকরণ, পাইপলাইন স্থাপন, সংযোগ অবকাঠামো এবং প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়নও গুরুত্বপূর্ণ।