খুলনা অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:০৫ পিএম
আহত শাহ আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় তিন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারীর ধারালো চাপাতির আঘাতে শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আহত শাহ আলম খুলনা জেলার এ-সার্কেল অফিসে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর আঘাত করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে খুলনা সদর থানার ওসি ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসায় পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খুলনা থানার ওসি লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।