নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৪ পিএম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পিছিয়ে দিতে শিক্ষাব্যবস্থাকে দুর্বল করা হয়েছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার হলে শিক্ষার্থীরা সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পেত। সামান্য লিখলেও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটত। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাব্যবস্থার এ ধরনের তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ হয়েছে। এখন না পড়ে আর কেউ পাস করতে পারবে না।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গত অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে শিক্ষা খাতে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।
মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব। বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে দুলু বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় এবং সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল পার্শ্ববর্তী দেশে বসে নানা অজুহাতে বাংলাদেশকে অশান্ত করে ফায়দা লুটতে চায় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।