রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:৪২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:৫০ পিএম
রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসা ও ইনেসেটে অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান। ছবি: প্রতিদিনর বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসায় তিনটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, অর্থ লেনদেন ও জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমানের বিরুদ্ধে।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজারহাট উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য।
তবে অধ্যক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, নিয়োগবিধি অনুসরণ করেই নিয়োগ সম্পন্ন হয়েছে।
স্থানীয় অনেকের অভিযোগ, ৫ সেপ্টেম্বর মাদরাসাটিতে অফিস সহায়ক, ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার ও আবেদন গ্রহণে স্বচ্ছতার ঘাটতি ছিল দাবি করেন তারা।
এমনকি নিয়োগ পরীক্ষা অধ্যক্ষের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পরে মাদরাসায় ফলাফল ঘোষণা করা হয় বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগকারীদের দাবি, উমর মজিদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের ছেলে সুমনকে ২০ শতক জমির বিনিময়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ল্যাব সহকারী পদে হাবিবুর রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা এবং পরিচ্ছন্নতাকর্মী পদে সাদেকুর রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে চলতি বছরের ৭ জুলাই এলাকাবাসী মানববন্ধন করেন।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাননি। তিনটি পদের বিপরীতে মাত্র ১৩ জন পরীক্ষার্থীকে দেখানো হয়েছে বলেও দাবি তাদের। তারা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মাদরাসাসংলগ্ন এলাকার বাসিন্দা রোস্তম আলী বলেন, প্রতিষ্ঠার পেছনে অবদান রাখা ব্যক্তিদের পরিবারের সদস্যদের বাদ দিয়ে মোটা অঙ্কের অর্থ বা উপঢৌকনের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করছেন।
জমিদাতা প্রয়াত আব্দুল জব্বারের নাতি আতিকুর রহমানের দাবি, আবেদন করতে গেলে অধ্যক্ষ তাকে জানান, আবেদনের সময় শেষ হয়ে গেছে।
এরপর ১৩ জুলাই মাদরাসা প্রাঙ্গণে পাল্টা মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জমিদাতা ও স্থানীয় বাসিন্দারা।
তারা অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন এবং বলেন, নিয়ম মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মাদরাসার তৎকালীন সভাপতি আতাউর রহমান বকসী বলেন, অর্থ লেনদেনের বিষয়টি তিনি জানেন না। তবে জমির বিনিময়ে চাকরি দেওয়ার কথা কয়েকজন তাকে জানিয়েছেন। এর সত্যতা তিনি নিশ্চিত করতে পারেননি।
অধ্যক্ষ খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ২০ শতাংশ জমি তিনি নিজস্ব অর্থ দিয়ে কিনেছেন। কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।