মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:০৮ পিএম
হোসেনপুরে ইটভাটার পুরনো দেয়াল সংস্কারের কাজ করার সময় ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার পুরনো দেয়াল সংস্কারের কাজ করার সময় ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেনÑ হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬৩) এবং একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২৫)। আহতরা হলেনÑ হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া ও লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া।
হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ দুটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।