প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৫:২৫ পিএম
আটক হওয়া রাশেদ শেখ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরা শহরের কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি ঝিনাইদহ ক্যাম্প।
এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কলেজপাড়ার স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর কক্ষে বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।
আটক রাশেদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
শুক্রবার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইমামীম মুবীন সরকার সুমন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা ছাড়াও চারটি ল্যাপটপ, টাকা গণনার একটি মেশিন, একটি প্রেস বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক কারবারের মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক রাশেদকে উদ্ধার করা আলামতসহ মাগুরা থানায় হস্তান্তর করা হয়েছে।