শাহিনুর সুজন, চারঘাট (রাজশাহী)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৫:০৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১৬:০৭ পিএম
চারঘাটের নন্দনগাছী রেলস্টেশনের জলায়শয় ভরাট করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘ সাড়ে আট বছর বন্ধ ছিল রাজশাহীর চারঘাটের নন্দনগাছী রেলস্টেশন। গত আগস্টে স্টেশনটি আবার চালু হয়েছে। তবে স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ৩০ একর আয়তনের রেলের জমি দখল করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
সেখানে গড়ে তুলেছেন প্রায় চারশ দোকান ও নানান স্থাপনা। এগুলোর অধিকাংশেরই নেই অনুমোদন। এসব অবৈধ দোকান ও স্থাপনা থেকে প্রতিমাসে প্রভাবশালী মহলটি ভাড়া তুলছেন মোটা অঙ্কের টাকা।
তবে গত আগস্টে স্টেশনটি চালুর পর স্থানীয় প্রভাবশালী রফিকুল ইসলামের এক সহযোগীর বিরুদ্ধে এবার রেলের জলাশয় দখলের অভিযোগ উঠেছে। মাছ চাষের জন্য লিজ নিয়ে রাতের আঁধারে অতিদ্রুত জলাশয়ের বড় একটি অংশ ভরাট করেছেন তিনি। বাণিজ্যিক অনুমোদন না নিয়ে ইতোমধ্যে সেখানে মার্কেট নির্মাণ করে ১০টি দোকানঘর বেচেছেন। প্লট আকারেও বেচেছেন জলাশয়ের জমি। রফিকুল ইতোমধ্যে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা।
স্থানীয়রা বলছেন, নন্দনগাছি বাজার ও স্টেশন এলাকার পানি নিষ্কাশনের জন্য জলাশয়টি অতি গুরুত্বপূর্ণ। ভরাটের কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে স্টেশন এবং স্টেশনের কাছে বাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্ষা শেষ হলেও পানি সরছে না। এতে ভয়ানক দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এ কারণে ক্ষোভ এবং অসন্তোষের জন্ম নিয়েছে।
নন্দনগাছি স্টেশনটি চারঘাটের নিমপাড়া ইউনিয়ন এলাকায়। এ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, প্রতি বছরই বর্ষায় স্টেশনের আশপাশের এলাকা বৃষ্টির পানিতে ডুবে যায়। জলবদ্ধতা নিরসনে গত বছর কয়েক লাখ টাকা খরচ করে জলাশয়টির সংস্কার করা হয়েছে। অথচ মাছ চাষের জন্য লিজ নিয়ে রাতের আঁধারে ভরাট করে মার্কেট বানানো হচ্ছে। রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও তারা ব্যবস্থা নেয়নি। জল্পনা রয়েছে, এ কাজে গোপনে রেল কর্তৃপক্ষের সমর্থন রয়েছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, মাছচাষের জন্য জলাশয়টি লিজ নিয়েছেন রফিকুল ইসলাম। তিনি বাণিজ্যিকভাবে রেলের জমি ব্যবহারের জন্য রেল কর্তৃপক্ষের অনুমোদন নেননি। অথচ জলাশয়টি ভরাট করে ইতোমধ্যে বেশকিছু দোকান বানিয়ে বেচেছেন। এখনও ভরাট চলছে। স্থানীয়রা বাধা দিতে গেলে তিনি ক্ষমতার জোর দেখাচ্ছেন। রেল কর্তৃপক্ষ চোখে ঠুলি পরে আছে। দেখেও কিছু দেখছে না। নিশ্চুপ রয়েছে। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
আরেক ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, জলাশয়ের জমিতে দোকানের জন্য আমি ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছি। আমার মতো অনেকেই রফিকুলকে টাকা দিয়ে জায়গা নিয়েছে। ভরাট শেষ হলে বাকি টাকা দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করব।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বৈধভাবে মার্কেট নির্মাণ করছেন বলে দাবি করেছেন এবং দোকান বেচে টাকা নিচ্ছেন বলেও স্বীকার করেছেন। তিনি বলেন, আমি মাছচাষের জন্য ৪৫ শতক জমি লিজ নিয়েছিলাম। পরে জলাশয়ে মার্কেট নির্মাণের জন্য রেল কর্তৃপক্ষের কাছে বাণিজ্যিক অনুমোদন নিয়েছি। আমার কারণে জলাবব্ধতার সৃষ্টি হয়নি। আমার আগে অনেকেই জলাশয় ভরাট করে দোকানসহ নানা স্থাপনা নির্মাণ করেছেন।
তিনি আরও বলেন, জলাশয়ের ব্রিজের মুখেও দোকান নির্মাণ করা হয়েছে। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে জলাশয় ভরাটের অভিযোগ ভিত্তিহীন।
রফিকুল বাণিজ্যিকভাবে জলাশয়ের অনুমোদন নিয়েছেন বলে যে দাবি করেছেন, এ ব্যাপারে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন পশ্চিম রেলের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কার্যালয়ের আমিন ইসরাফিল হোসেন। তিনি বলেন, রেলের জলাশয়টি মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই ভরাটের অনুমোদন নেই। রফিকুল ইসলামকে লিজের কাগজপত্রসহ ডাকা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চারঘাটের নন্দনগাছী রেলস্টেশনের জায়গায় নির্মিত দোকানপাট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এদিকে রেল স্টেশনের উত্তর পাশে রেলের জমিতে সানাউল্লাহ, মিজানুর রহমান ও মুকুল ইসলাম নামে স্থানীয় আরও তিন প্রভাবশালী ব্যক্তি দোকান ও মার্কেট নির্মাণ করছেন। নিয়ম-নীতির বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেলের জমিতে এসব স্থাপনার নির্মাণকাজ চললেও তা বন্ধে রেল কর্তৃপক্ষের কোনো গরজ নেই। স্থানীয় বিশিষ্টজনরা মনে করেন এই অবৈধ কাজে রেলের প্রচ্ছন্ন সম্মতি আছে। রেল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা খেয়েছে বলে অবৈধ স্থাপনার নির্মাণকাজ বন্ধ করছে না।
দোকান নির্মাণকারী মিজানুর রহমান বলেন, রেল দপ্তরের অনুমতি এখনও নেওয়া হইনি। মৌখিকভাবে রেলের কর্মকর্তা-কর্মচারীদের জানানো হয়েছে। মার্কেট নির্মাণের কাজ শেষ করে অনুমতির জন্য আবেদন করব। আরেক নির্মাণকারী সানাউল্লাহ বলেন, অনেক আগে ধানী জমি হিসাবে লিজ নিয়েছি। ধানের আবাদ হচ্ছে না, সেজন্য দোকান করে ভাড়া দিচ্ছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নন্দনগাছী স্টেশনের পাশে রেলের জমিতে ৩৮৬টি দোকান ও স্থাপনা আছে। এর মধ্যে মাত্র ৩৭টি স্থাপনার অনুমোদন রয়েছে। প্রতিটি দোকান থেকে দেড় থেকে আড়াই হাজার টাকা ভাড়া তুলছেন দখলদাররা। প্রতিমাসে এভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। অভিযোগ রয়েছে, পশ্চিম রেলের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কার্যালয়ের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীকে ‘ম্যানেজ’ করে এসব জমি দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী চক্রটি।
সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, রেলের জমি নানাভাবে প্রভাবশালীরা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। স্থানীয়ভাবে তারা প্রভাবশালী হওয়ায় আমরা অনেকটাই অসহায়। বাধা দিলেও তারা শোনেন না। বিষয়টি উপর মহলের কর্তা ব্যক্তিদের জানিয়েছি।
এ বিষয়ে পশ্চিম রেলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা নাদিম সারওয়ার বলেন, নন্দনগাছী এলাকায় রেলের জমি দখলের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। নকশা অনুযায়ী জমি জরিপ করে দখল প্রমাণিত হলে আইনি ব্যবস্থা ও উচ্ছেদ করা হবে। আর রেলের জলাশয় ভরাট করে মার্কেট নির্মাণের কোনো সুযোগ নেই। বিষয়টি সত্য হলে লিজ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।