রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনার সঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ মিলেছে।
এতে চার হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি বৃহস্পতিবার রাত ১০টায় নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
তিনি জানান, চলতি বছরের ২১ সেপ্টেম্বর ডিএনএ পরীক্ষার জন্য আসামি মুগ্ধ ও সিদ্ধার্থকে ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হয়। পরীক্ষায় তাদের ডিএনএর সঙ্গে আগে পাঠানো বিভিন্ন আলামতের নমুনার মিল পাওয়া গেছে।
সিআইডি সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৩৫টি আলামত সংগ্রহ করা হয়। ঘটনার ১২ দিন পর তিন দফায় এসব আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আলামতের মধ্যে ছিল ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের অবশিষ্টাংশ, শসা, নানরুটি, খেজুর, বেসিনের দাগ এবং নিহত শিশু প্রিয়মের খাতায় পাওয়া একটি লেখা।
উল্লেখ্য, ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমনী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় আরও কয়েকজন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।