শাকিল মাহমুদ, বরিশাল
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৩:৫৩ পিএম
বরিশাল বিসিক শিল্পনগরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। পায়রা গভীর সমুদ্র বন্দরও পুরোপুরি চালু হওয়ার পথে। কিন্তু বরিশাল বিসিক শিল্পনগরী স্থবিরতা কাটিয়ে উঠতে পারেনি।
ষাটের দশকে গড়ে ওঠা এই শিল্পনগরীর ৫৩০টি প্লটের মধ্যে ১১২টি এখনও বরাদ্দ দেওয়া হয়নি। এসব প্লট বরাদ্দ দিতে এ বছরের ১৫ আগস্ট বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। নির্ধারিত সময়ে মাত্র ২২টি প্রতিষ্ঠান ফরম সংগ্রহ করায় আবেদনের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিসিক কর্মকর্তারা বলছেন, বড় ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রধান বাধা গ্যাস-সংকট। তিনটি পোশাক শিল্প কারখানার জন্য প্লট বরাদ্দ দেওয়া হলেও গ্যাসের অভাবে এখনও কারখানা গড়ে ওঠেনি। বিদ্যুৎ সরবরাহেও ঘাটতি রয়েছে।
অন্যদিকে শিল্প কারখানার উদ্যোক্তারা বলছেন, সিলিন্ডার গ্যাস ও বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে উৎপাদন করতে গিয়ে খরচ বাড়ছে। ফলে নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের আগ্রহে ভাটা পড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্যাস সরবরাহ না থাকায় বড় ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বড় বাধা তৈরি হয়েছে। তবে গ্যাসের ওপর নির্ভরশীল নয় এমন বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে বলে তারা মনে করছেন।
বরিশাল বিসিক সূত্রে জানা গেছে, ১৩১ দশমিক ৬১ একর জমির ওপর শিল্পনগরীটি প্রতিষ্টা করা হয়। এখানে রয়েছে ৫৩০টি প্লট। এর মধ্যে পুরোনো অংশে ৩৯৭টি এবং নতুন অংশে ১৩৩টি উন্নত প্লট রয়েছে। ১৭৭টি শিল্প ইউনিটের অনুকূলে ৪১৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ১১২টি প্লট এখনও বরাদ্দের অপেক্ষায় আছে। বর্তমানে শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে ৮ হাজার ৩২০ জন কাজের সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৭৮ জন নারী এবং ৩ হাজার ৭৪২ জন পুরুষ।
বরাদ্দ পাওয়া প্লটগুলোর মধ্যে খাদ্য ও খাদ্যজাত পণ্যের ৫৪টি, বস্ত্র ও বস্ত্রজাত পণ্যের ১৯টি, প্রকৌশল ২২টি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ৬টি, কেমিকেল ৩৬টি, চামড়া ও চামড়াজাত পণ্যের ৬টি, প্রিন্টিং ও প্যাকেজিং ১২টি, বন ও বনজ ১১টি এবং বিবিধ ১৩টি শিল্প ইউনিট উৎপাদনে আছে। বিসিকের হিসাবে বর্তমানে শিল্পনগরীতে মোট বিনিয়োগের পরিমাণ ৮৯৭ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা।
শিল্প কারখানার মালিকরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও পাইপলাইনে গ্যাস সরবরাহ না থাকায় বরিশালে শিল্প কারখানা তৈরির সাহস পাচ্ছেন না তারা। পরিস্থিতি উত্তরণে ভোলার গ্যাস পাইপলাইনে সরবরাহের দাবি শিল্পোদ্যোক্তাদের। এ কারণে সম্ভাবনাময় অঞ্চলের অর্থনীতি স্থবির হয়ে আছে।
বিসিক শিল্পনগরীর অন্যতম প্রতিষ্ঠান বেঙ্গল বিস্কুট লিমিটেডের মাসিক উৎপাদন ৭ কোটি টাকার হলেও গ্যাসের অভাবে ব্যয় গুনতে হচ্ছে প্রায় ৭০ লাখ টাকা, যা গ্যাসে হলে মাত্র ১০-১৫ লাখ টাকা হতো।
প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার আবদুর রহমান বলেন, পণ্য উৎপাদন খরচ বেশি হওয়ায় প্রতিযোগিতায় এগোতে পারছেন না শিল্পোদ্যোক্তারা। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ নিয়ে আছে নানা জটিলতা। গ্যাস না থাকায় বিসিক এলাকায় উৎপাদন ব্যয় যেমন বেড়েছে, তেমনই নতুন বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। জানিনা এ সমস্যা কবে কাটবে। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে নতুন বিনিয়োগকারীরা এসে কতটা সুবিধা করতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাফিজুর রহমান হিরা বলেন, বরিশালে ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন এলাকায় আমূল পরিবর্তন আনতে হলে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সুরাহা করতে হবে। পদ্মা সেতু চালু হওয়ায় এখানে শিল্প বিপ্লবের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু পাইপলাইনে গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় তা থমকে আছে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বরিশালের স্থানীয় অর্থনীতি সেভাবে অগ্রসর হতে পারছে না। শিল্প কারখানা গড়ায় আছে নানা প্রতিকূলতা। যে কারখানাগুলোও আছে তা দেশের অন্য বিভাগের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ছে। ফলে দ্রুত ভোলার গ্যাস বরিশালে আনার দাবি জানাই।
তিনি আরও বলেন, পদ্মা সেতু যোগাযোগে আমূল পরিবর্তন আনলেও গ্যাস না থাকায় এগোচ্ছে না শিল্প কারখানা। সিলিন্ডার গ্যাস আর বিদ্যুৎ দিয়ে পণ্য উৎপাদনে খরচ বেশি হওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছেন শিল্পোদ্যোক্তারা। বরিশাল বিভাগের ভোলায় আছে প্রাকৃতিক গ্যাস। যদি ভোলার গ্যাস বরিশালে আসে তবে পুরো চিত্র পাল্টে যাবে। পাশাপাশি বিসিক এলাকায় কাঙ্খিত কারখানা গড়ে উঠবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
বরিশাল বিসিক শিল্পনগরীর কর্মকর্তা গোলাম রসুল বলেন, খালি থাকা ১১২টি প্লট বরাদ্দ দিতে ১৫ আগস্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব প্লটের জমির পরিমাণ প্রায় ২০ একর। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২২টি প্রতিষ্ঠান প্লট বরাদ্দ নিতে ফরম সংগ্রহ করেছে। এ জন্য ফরম বেচার সময় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
তার ভাষ্য, প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে। কেমিষ্ট, রেফকো এবং একটি ফুটওয়্যার কোম্পানিসহ কয়েকটি প্রতিষ্ঠান প্লট নিতে আগ্রহ দেখিয়েছে। ফরম সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী ১১২টি প্লটই বরাদ্দ দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন এই কর্মকর্তা।
গোলাম রসুল জানান, ১১২টি প্লটের জমির দাম প্রতি শতাংশ ৪ লাখ ৮০ হাজার টাকা ঠিক করা হয়েছে। জমির দাম নিয়ে কিছুটা সমস্যা আছে বলে স্বীকার করেন তিনি। তবে ভূমি উন্নয়ন কর প্রতি শতাংশে দেড় টাকা এবং সার্ভিস চার্জ আড়াই টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
বরিশাল বিসিকের এ কর্মকর্তা বলেন, শিল্পনগরীতে বর্তমানে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান নেই। ফরচুন সু ও বেঙ্গল বিস্কুটকে তুলনামূলক বড় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি। গ্যাস একটি বড় সমস্যা। গ্যাস না থাকায় এখানে বড় ও মাঝারি কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বলেন গোলাম রসুল।
তার তথ্য অনুযায়ী, তিনটি গার্মেন্টস কারখানা স্থাপনের জন্য প্লট বরাদ্দ নেওয়া হলেও গ্যাসের অভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি।
বিদ্যুৎ সরবরাহও একটি সমস্যা বলে জানান তিনি। এ সমস্যা সমাধানে একটি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং শিল্পনগরীর জন্য ডেডিকেটেড ফিডার চালুর আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্লটগুলো বরাদ্দ হয়ে গেলে নিরাপত্তাজনিত সমস্যাও থাকবে না বলে দাবি করেন তিনি।
গোলাম রসুলের মতে, গ্যাসের ওপর নির্ভরশীল নয় এমন শিল্প কারখানার জন্য বরিশাল বিসিকে সুযোগ আছে। তিনি বলেন, ফার্মাসিউটিকেল, প্যাকেজিং ও প্রিন্টিং, ফুড প্রসেসিং, প্রকৌশল এবং নিটওয়্যার খাতে বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ আছে। এসব শিল্পে প্রয়োজনীয় জনবলও সহজে পাওয়া যাবে বলে মনে করেন তিনি। বিসিক শিল্পনগরীতে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে অনেক বেকারত্ব কমবে বলেন গোলাম রসুল।