ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২২:৩৮ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ২২:৪৫ পিএম
ভাণ্ডারিয়া থানা। ছবি: সংগৃহীত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ড্রেজার থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে শহিদুল ইসলাম সুমন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের নতুন নলবুনিয়া এলাকায় মাওলানা জলিল মুফতি সাহেবের বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে। পরে বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন হাওলাদার মাটিভাঙ্গা গ্রামের মো. আলী আকবরের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে স্থানীয় ড্রেজার ব্যাবসায়ী সোহেলের কাছে সাড়ে ৪ হাজার টাকা চাঁদা নেয় সুমন। পরে আরও চাঁদার দাবিতে ড্রেজারটি ভাঙচুর করে সুমন। আজ দুপুরেও সুমন ফের চাঁদার টাকা নিতে গেলে মালিক ও কর্মচারীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সুমন তার হাতে থাকা দা দিয়ে আঘাতের চেষ্টা করলে মালিক-কর্মচারীরা দা’টি কেড়ে নিয়ে সুমনকেই এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সুমন হাওলাদারকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে।