প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২১:০২ পিএম
প্রতিকী ছবি
সাভারের আশুলিয়ায় ১৫ ঘণ্টার মধ্যে পৃথক স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পরকীয়ার জেরে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হন।
এ ছাড়া নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ ও ভাড়া বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তা ছাড়া মানিকগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আরও তিনজন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
সাভার (ঢাকা) : বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়া ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাজী খালেকের বাড়িতে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে আখি আক্তার (২৪) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তার স্বামী জাহিদ হাসান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাটের ওপর থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় ঘাতক স্বামী জাহিদ হাসানকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।
এর আগে বুধবার রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি মরিচকাটা এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে রোকসানা বেগম (৪০) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রোকসানা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার প্রবাসী মকবুল হোসেনের স্ত্রী। এদিকে বুধবার বিকালের দিকে আশুলিয়া শিমুলিয়ার পাগলাবাজার সংলগ্ন এলাকায় দেলোয়ার হোসেন দেওয়ানের ভাড়া বাড়ি থেকে তানিয়া খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিছানার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় স্পষ্ট আঘাত ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। তানিয়া খাতুন সাতক্ষীরা সদর থানার বাগডাঙ্গা এলাকার মিজানুর রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে রাশেদুল ইসলাম (৩৮) নামের এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী হাসনা আক্তার পলাতক।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম-১ বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির সীমান্তবর্তী রসুলপুর এলাকা থেকে আমির হোসেন নামে এক চালকের সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।
লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার গলায় গামছা পেচানো ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।