ময়মনসিংহ অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২০:৫৬ পিএম
ভুক্তভোগী নারী। ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে বলে এক বিধবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল। কয়েক দিন পর ডেকে নিয়ে একটি কাগজে তার টিপসই নেওয়া হয়। এরপর এলাকায় ছড়িয়ে পড়ে যে, ওই নারী বিয়ে করেছেন। তাকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি বলে দাবি করেন।
সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশও করেছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে কৌশলে টিপসই নেন স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তার। সেই টিপসই ব্যবহার করেই জালিয়াতি করে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে।
ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম আছে। তিনি আগেও বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি কখনও রাজি হননি। কুদ্দুসের সংসারে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলেমেয়েসহ নাতি-নাতনি রয়েছে।
প্রায় ১৩ বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর মানুষের জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন। তার নাতি-নাতনি রয়েছে। অভিযুক্ত আবদুস ছাত্তার ব্যবসায়ী ও নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই নারীর কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি কোনো টিপসই নেননি। এলাকার জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হচ্ছে।
স্ত্রী সুফিয়া খাতুন বলেন, বিয়ের বিষয়ে তার স্বামী তাকে কিছু জানাননি। ঘটনা জানাজানি হলে দাবি করেন যে, তিনি ‘কোর্ট ম্যারেজ’ করেছেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল হাসান বলেন, ঘটনাটি তারা বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। কিন্তু কোনো লিখিত অভিযোগ পাননি।