চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২০:৪৩ পিএম
চট্টগ্রামে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট’-এর ১৬তম আসর শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট’-এর ১৬তম আসর শুরু হয়েছে। বৃহস্পতিবার নগরীর দ্য পেনিনসুলা চিটাগং হোটেলের ডালিয়া হলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। এবারের ট্রাভেল মার্টে দেশ-বিদেশের ভ্রমণ ও পর্যটন খাতের মোট ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, বাণিজ্যিক শহর হিসেবে চট্টগ্রাম পরিচিত। তবে এর বাইরে চট্টগ্রাম পর্যটন শহর হিসেবেও পরিচিত। চট্টগ্রামে পর্যটন খাতকে বিকশিত করতে হলে আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও সমৃদ্ধ করতে হবে। জিডিপি নির্ভর করে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের মধ্যে গার্মেন্টস, মানবসম্পদ, কৃষি ও পর্যটন অন্যতম। বিশেষ করে পর্যটন খাতের বিকাশে নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্নভাবে এ খাতের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।
দেশের ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলার টাইটেল স্পন্সর হসপিটালিটি বিনিয়োগ প্রতিষ্ঠান ছুটি বে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ছুটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) কামরুল ইসলাম এবং দ্য পেনিনসুলা চিটাগাংয়ের পরিচালক সৈয়দ মোস্তফা তাহসীন আরশাদ।