রংপুর অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২০:২১ পিএম
রংপুরে ইএসডিও সিলভার জুবিলি ভবনে গবেষণার ফলাফল নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে ‘উত্তর-পশ্চিম বাংলাদেশে জলবায়ু-জনিত চাপের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বোঝা ও তা মোকাবেলা’ শীর্ষক গবেষণার ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে রংপুরে ইএসডিও সিলভার জুবিলি ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুর বিভাগে অ-অর্থনৈতিক খাতে ক্ষতি থাকছে উপেক্ষিত। এতে করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, শারীরিক-মানসিক স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো অ-অর্থনৈতিক খাতের ক্ষতি জীবনভর বহন করে চলতে হচ্ছে ক্ষতিগ্রস্থদের। প্রাকৃতিক দূর্যোগে অর্থনৈতিক খাতের পাশাপাশি অ-অর্থনৈতিক খাতকে গুরুত্ব না দিলে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।
ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশের ‘জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ-অ্যাকসেস প্রকল্পের গবেষক খুলনা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হলোখানা ও ভোগডাঙ্গা ইউনিয়ন, নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া ও বেরুবাড়ি ইউনিয়ন, উলিপুর উপজেলার ধরনীবাড়ি ও ধামশ্রেণি ইউনিয়নে ২৭৭টি পরিবারকে নিয়ে গবেষণা কার্যক্রম চালানো হয়েছে।
গবেষণা এলাকায় গত ১০ বছরে বন্যা, খরা, নদী ভাঙ্গন, শৈত্য প্রবাহ, ঘূর্ণিঝড়, তাপদাহ, অতি বৃষ্টি, বজ্রপাত, শিলা বৃষ্টিতে অবকাঠামো, ফসল, ঘরবাড়ি, ফসলি জমি, গবাদী পশুসহ অন্যান্য সম্পদের বিপুল ক্ষয়-ক্ষতি হয়েছে। সেই সাথে অ-অর্থনৈতিক খাতের মধ্যে ৭২ ভাগ মানুষ যোগাযোগ ব্যবস্থা, ৬১ ভাগ শিক্ষা, ৫৮ ভাগ স্বাস্থ্যসেবা, ৪৭ ভাগ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ৪৯ ভাগ মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন খাতের ক্ষতি নিয়ে জীবন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এসব খাত উপেক্ষিত থাকায় দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্থ পরিবারকে এই ক্ষতি বহন করতে হচ্ছে।
সেমিনারে রংপুর বিভাগে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূর্যোগ মোকাবেলায় নানা সুপারিশ তুলে ধরেন, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সমাজসেবা রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সৈয়দা সিফাত জাহান, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।
সেমিনার সঞ্চালনা করেন, ইএসডিও অ্যাকসেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক ও হেলভেটাস বাংলাদেশের লোকালাইজেশন ও পার্টনারশিপ কো-অর্ডিনেটর আয়াতুল্লাহ আল-মামুন।
এসময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবার, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সরকারী দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।