দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২০:০৫ পিএম
দেবহাটায় কিশোরী ও অভিভাবক সমাবেশে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘আর নয় বাল্যবিবাহ, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় কিশোরী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কিশোরীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত ইরেসপো প্রকল্পের আওতায় সখীপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কিশোরীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, শিক্ষা অব্যাহত রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ শিক্ষা ও প্রয়োজনীয় কাজে অর্থনৈতিক সহায়তার সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে ইরেসপো প্রকল্পের আওতায় ১৮ বছর পূর্ণ হওয়া সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর হাতে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের জমাকৃত সঞ্চয় ৬৩ হাজার ৮০০ টাকা এবং সরকার প্রদত্ত প্রণোদনা হিসেবে ১ লাখ ৯৩ হাজার ৯১৯ টাকা দেওয়া হয়।
এ ছাড়া উপজেলার দুটি বিদ্যালয়ের প্রায় ২০০ কিশোরী বাল্যবিবাহ না করার শপথ নিয়ে প্রকল্পের সুবিধাভোগী হয়েছেন বলে জানানো হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন শিক্ষক শেখ তহিরুজ্জামান। এতে অতিথি ছিলেন উপজেলা ইউএনও মিলন সাহা। বক্তব্য দেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মণ্ডল, শিক্ষার্থী তাহেরা ইসলামসহ অন্যরা।