× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় ভবন আছে, শিক্ষক আছেন, ক্লাসরুম প্রায় ফাঁকা

রাসেল মাহমুদ, বরগুনা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৫:২৬ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৫:২৮ পিএম

বরগুনা সদরের মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনা সদরের মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৃষ্টিনন্দন ভবন, সাজানো শ্রেণিকক্ষ, পর্যাপ্ত অবকাঠামো সবই আছে। নেই শুধু শিক্ষার্থীর কোলাহল। কোথাও পুরো বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র দুজন, কোথাও পাঁচজন। আবার কোনো বিদ্যালয়ে দুপুর গড়িয়ে গেলেও ক্লাসরুম পড়ে থাকে শিক্ষার্থীশূন্য। 

এর সঙ্গে কোথাও কোথাও শিক্ষকদের উপস্থিতি, পাঠদান ও দায়িত্ব পালনের ধরন নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন। বরগুনার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে উঠে এসেছে সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থার এমনই এক চিত্র। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, যথাযথ পাঠদান না করা, নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ এবং সঠিক তদারকির অভাবেই সরকারি বিদ্যালয়ের ওপর কমছে আস্থা। বিপরীতে বাড়ছে কিন্ডারগার্টেন ও মাদ্রাসামুখী শিক্ষার্থীর সংখ্যা।

তবে শিক্ষকদের দাবি, শিক্ষার্থী কমে যাওয়ার জন্য শুধু বিদ্যালয় বা শিক্ষকরা দায়ী নন। অভিভাবকদের মানসিকতা, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের প্রতি ঝোঁক এবং একই এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠাও এর অন্যতম কারণ।

দুই শিক্ষার্থীর বিদ্যালয়ে পাঁচ শিক্ষক

বরগুনা সদর উপজেলার মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দৃষ্টিনন্দন ভবন ও সাজানো ক্লাসরুম দেখে বোঝার উপায় নেই, বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা মাত্র দুইজন। পাঁচজন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন তিনজন। তবে বিদ্যালয়ে ছিলেন না প্রধান শিক্ষক কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পাশের চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও খুব একটা ভিন্ন নয়। বিদ্যালয়ের বারান্দায় দেখা যায় মাত্র পাঁচ শিক্ষার্থী। উপস্থিত ছিলেন দুই শিক্ষিকা। তবে প্রধান শিক্ষক ছিলেন অনুপস্থিত।

পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার বলেন, কেসমেন্ট এলাকার রাস্তাঘাট ভালো না হওয়ায় অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। পাশাপাশি এলাকায় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় শিক্ষার্থী ভাগ হয়ে যাচ্ছে।

চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন বলেন, মাত্র পাঁচজন শিক্ষার্থীর জন্যও শিক্ষকদের সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হয়। শিক্ষার্থী কম থাকায় পাঠদানের আগ্রহ কমে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষক সংকটও রয়েছে।

শিক্ষার্থী কম, প্রশ্ন শিক্ষকের উপস্থিতি নিয়েও

শিক্ষার্থী সংকটের পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টিও সামনে এসেছে। পূর্ব হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন দুজন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে একটি খালি ক্লাসরুমে বেঞ্চের ওপর ঘুমিয়ে থাকতে দেখা যায়। অথচ হাজিরা খাতায় সই ছিল চার শিক্ষকেরই। একই কক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মাত্র পাঁচ শিক্ষার্থীকে একসঙ্গে পাঠদান করছিলেন একজন শিক্ষক।

শিক্ষার্থী কম থাকার বিষয়টি একদিকে যেমন সরকারি প্রাথমিক শিক্ষায় জনবল ও অবকাঠামো ব্যবস্থাপনার প্রশ্ন তুলছে, অন্যদিকে শিক্ষকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিয়েও তৈরি করছে উদ্বেগ।

সময় তখন দুপুর আড়াইটা। উত্তর দেশান্তরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী দেখা যায়নি। উপস্থিত ছিলেন মাত্র একজন শিক্ষক। পাশের সর্দারপাড়া হাবিবুর রহমান চানমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রায় একই চিত্র। বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এলাকায় শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি একই এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

উত্তর দেশান্তরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, অনেক অভিভাবক এখন মাদ্রাসামুখী। আবার সরকারি বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো নয়- মন ধারণাও অনেক অভিভাবকের মধ্যে তৈরি হয়েছে। ফলে শিক্ষার্থীরা মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে চলে যাচ্ছে।

বরগুনা সদরের চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, সরকারি বিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। অন্যদিকে কিন্ডারগার্টেনে প্রাক-প্রাথমিক থেকেই ইংরেজির ওপর বেশি গুরুত্ব দেওয়ায় অভিভাবকদের একটি অংশ সেদিকে ঝুঁকছেন। সরকারি স্কুলকে দরিদ্র পরিবারের সন্তানদের প্রতিষ্ঠান হিসেবে দেখার মানসিকতাও রয়েছে।

সরকারি স্কুল ফাঁকা, কিন্ডারগার্টেনে ভিড়

একই এলাকার চিত্র যখন দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে দুই রকম, তখন প্রশ্ন উঠছে সরকারি বিদ্যালয় থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা? বরগুনার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বাড়ির কাছেই সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার পরও কয়েক কিলোমিটার দূরের কিন্ডারগার্টেনে সন্তানদের নিয়ে যাচ্ছেন অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, পাঠদানের মান, সময়ের আগেই বিদ্যালয় ছুটি এবং কার্যকর তদারকির ঘাটতি তাদের আস্থায় ভাটা তৈরি করেছে।

শিক্ষার্থীর মা মরিয়ম বলেন, সরকারি বিদ্যালয়ে শিশুদের প্রতি যত্ন কম এবং পড়াশোনার মানও প্রত্যাশিত নয়। বিদ্যালয়গুলো আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার মান বাড়ানো গেলে অভিভাবকদের আস্থা ফিরতে পারে।

শিক্ষার্থীর বাবা সেলিম বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের বিদ্যালয়ে থাকতে হয়। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়ে সময় কম হলেও পড়াশোনার মান ভালো মনে হওয়ায় বাড়তি খরচ করেও সন্তানদের সেখানে পড়াচ্ছেন তারা।

আরেক শিক্ষার্থীর মা রিক্তা বলেন, বাড়ির পাশে সরকারি বিদ্যালয় থাকা সত্ত্বেও প্রায় পাঁচ কিলোমিটার দূরের কিন্ডারগার্টেনে সন্তানকে পড়াতে নিয়ে আসতে হচ্ছে। সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পড়াশোনার মানের উন্নতি না হলে পরিস্থিতি বদলাবে না। শিক্ষার্থী সংকট যে শুধু কয়েকটি বিদ্যালয়ের বিচ্ছিন্ন চিত্র নয়, জেলার সামগ্রিক পরিসংখ্যানেও তার ইঙ্গিত মিলছে।

বরগুনায় সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১ হাজার ৪৫টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৯৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ৮১ হাজার ৯০০ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঞ্জুরিকৃত শিক্ষক পদ ৫ হাজার ৪৭টি। এর মধ্যে ৪৬৪টি পদ শূন্য। কর্মরত শিক্ষকদের হিসাবে ছাত্র-শিক্ষক অনুপাত প্রায় ১:১৮। অর্থাৎ জেলার প্রাথমিক শিক্ষায় সমস্যা কেবল শিক্ষক সংকটে সীমাবদ্ধ নয়। কোথাও শিক্ষক আছেন। কিন্তু শিক্ষার্থী নেই। আবার কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষক উপস্থিতি, পাঠদানের মান ও বিদ্যালয় পরিচালনায় জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠছে।

একদিকে সরকারি টাকায় নির্মিত হচ্ছে আধুনিক ভবন, বাড়ছে অবকাঠামো ও শিক্ষক পদ। অন্যদিকে সেই ক্লাসরুমেই যদি শিক্ষার্থী না থাকে, তাহলে অবকাঠামো উন্নয়ন কতটা কার্যকর সে প্রশ্ন থেকেই যায়। শিক্ষার্থী সংকটের জন্য অভিভাবকদের মানসিকতা, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের বিস্তার কিংবা জনসংখ্যার পরিবর্তনকে দায়ী করা হলেও বিদ্যালয়ের ভেতরের দুর্বলতাগুলোও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বরগুনার একটি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারণ একজন অভিভাবক সন্তানের জন্য যে বিদ্যালয় বেছে নেন, সেখানে তিনি প্রথমে খোঁজেন নিরাপদ পরিবেশ, নিয়মিত শিক্ষক, যত্নশীলতা এবং মানসম্মত শিক্ষা। এসব জায়গায় ঘাটতি তৈরি হলে শুধু ভবন বা সরকারি সুযোগ-সুবিধা দিয়ে অভিভাবকের আস্থা ধরে রাখা কঠিন।

বরগুনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ্ বলেন, জনসংখ্যার তুলনায় শিক্ষার্থী কম হলেও বিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি। ফলে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী কমে যাচ্ছে। শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার প্রথম ভিত্তি। সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়া ও শিক্ষার মান নিয়ে যেসব বিষয় সামনে এসেছে, সেগুলো নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। বিদ্যালয় চলাকালীন শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চলছে।

একটি বিদ্যালয়ের সাফল্য শুধু তার ভবনের সৌন্দর্য, শ্রেণিকক্ষের সংখ্যা কিংবা শিক্ষকের পদ দিয়ে মাপা যায় না। একটি বিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে সেখানে কতজন শিশু নিয়মিত আসে, কী শিখছে, শিক্ষক কতটা দায়িত্বশীল এবং বিদ্যালয়ের ওপর অভিভাবকদের আস্থা কতটা তার ওপর।

বরগুনার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র তাই শুধু শিক্ষার্থী সংকটের গল্প নয়; এটি সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা, জবাবদিহিতা ও ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে শুধু নতুন ভবন নির্মাণ নয়, ফিরিয়ে আনতে হবে অভিভাবকের আস্থা, নিশ্চিত করতে হবে শিক্ষকের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান ও কার্যকর তদারকি। তবেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাঁকা ক্লাসরুমে আবার ফিরবে শিশুর কোলাহল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা