চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৫:০৯ পিএম
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ী ও আমদানীকারকদের সাথে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাল্টাসহ ফল আমদানিতে ট্যাক্স দ্রুত রেশনালাইজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “সারা বছর দেশে সব পণ্যের দাম একই অবস্থায় থাকবে এই বিষয় নিয়ে আগে কেউ কাজ করেনি। আমরা সেটি নিয়ে কাজ করছি। মৌসুমের বাইরে যাতে পণ্য উৎপাদন স্বাভাবিক রাখা যায় সেটি নিয়ে কাজ করছি। মাল্টাসহ ফল আমদানিতে ট্যাক্স আমরা দ্রুত রেশনালাইজ করব। শুধু রমজানকে সামনে রেখে এটি করা হবে না। সারা বছরের জন্যই আমরা ট্যাক্স রেশনালাইজ করব।”
বৃহস্পতিবার দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ী ও আমদানীকারকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে এই মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সভায় সভাপতিত্ব করেন পোর্ট ইউজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
রমজানে ভোগ্যেণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বলেন, “রমজানের বাকি এখনও তিন মাস আছে। এখন পর্যন্ত যেই ভোগ্যপণ্য আমদানি হয়েছে। আমদানির জন্য এলসি, আইপি নেওয়া হয়েছে, তাতে রমজানে পণ্যের কোনো সংকট হবে না। বিগত বছরগুলো মতো দামও স্থিতিশীল থাকবে।”
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “পৃথিবী এখন আগের জায়গায় নেই। গ্রিন ফার্মিং হয়। বাংলাদেশেও কৃষিতে পরিবর্তন আসছে। আগে তরমুজের মৌসুমে সিলেটে কোনো তরমুজ উৎপাদন হতো না। কিন্তু এখন সিলেটে তরমুজ উৎপাদন হয়। সিলেটের তরমুজ যখন বাজারে আসে, তখন সারাদেশে চাষ শুরু হয়।”
মন্ত্রী বলেন, “বর্ষাকাল হচ্ছে সবজি চাষের অফ সিজন। তখনও আপনারা যদি চান সবজির দাম কম থাকুক। সেটি কি সম্ভব?”
এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক।
তিনি বলেন, “রমজান মাসে আমাদের কিছু দায়িত্ব আছে। গত দুই বছর রমজান এবং কোরবানির ঈদে পণ্যের দাম স্থিতিশীল ছিল। রমজানে গম, চাল, ডাল, তেল, ছোলা যেগুলো প্রয়োজন হয়, আমাদের কিছু মিল কারখানা বন্ধ আছে। তবে সেটি খুব প্রভাব ফেলছে না। তাই আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে রমজানে এসব পণ্যের কোনো সংকট না হয়।”
তিনি আরও বলেন, “রমজানে যেসব পণ্য প্রয়োজন হবে, ওই পণ্যের হিসাব আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। এখন ওপেন মার্কেট, তাই লুকোচুরি করার কিছু নেই। আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে।”
সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম, বিজিএমইএ প্রথম সহ- সভাপতি সেলিম রহমান, বিএসবিআরএর সভাপতি মোহাম্মদ মহসিন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি আমদানি রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “আইপি, আইআরসি, পণ্য আমদানি রপ্তানিতে অমুক প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে, এত প্রতিবন্ধকতা তৈরি কি প্রয়োজন। আমি মাছের পোনা আমদানি করবো, এর জন্য আমাকে খামার বাড়িতে যেতে হবে কেন? এগুলোর কারণে পণ্য আমদানি রপ্তানিতে দীর্ঘ সূত্রিতা তৈরি হচ্ছে। এসব অপ্রয়োজনীয় নিয়মনীতি বাতিল করতে হবে।”