জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৪:৩১ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর থানায় জব্দ করা ৯১২ বস্তা সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর থানায় জব্দ করা ৯১২ বস্তা সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল।
বৃহস্পতিবার (আজ) সকাল ৯টা থেকে উপজেলা থানার সামনে এই জব্দকৃত সার বিক্রি কার্যক্রম শুরু করা হয়। সরকারি নির্ধারিত মূল্যে কৃষক কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষকের কাছে এক বস্তা করে সার বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ।
গত ২৮ সেপ্টেম্বর ৯১২ বস্তা সার জব্দ করা হয়। এ সারের
পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা চেয়ে পুলিশ সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে আদালতের ম্যাজিস্ট্রেট
মোস্তফা কামাল ৫ অক্টোবরের মধ্যে এ সার স্থানীয় একজন সার ডিলারের মাধ্যমে বৈধ কৃষক
কার্ডধারীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমাদানের
নির্দেশনা দেন। পরবর্তী সময়ে জীবননগর থানা পুলিশের জব্দ তালিকায় থাকা এসব সার
কৃষকদের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী কৃষক কার্ড যাচাই
করে প্রতি কৃষককে এক বস্তা করে সার দেওয়া হচ্ছে।সরকারি দাম অনুযায়ী প্রতিটি বস্তার
দাম নির্ধারণ করা হয়েছে। তবে ইউরিয়া ৪৫ বস্তা, এমওপি-৩৯ বস্তা, টিএসপি-৭৮ বস্তা,
ডিএপি-৭৫০ বস্তা রয়েছে।এসব সার পেতে স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
দীর্ঘদিন ধরে বাজারে সারের সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যে জব্দ করা সার সরকারি
নির্ধারিত মূল্যে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা।
কৃষকরা জানান, বাজারে অনেক সময় নির্ধারিত দামের চেয়ে
বেশি দামে সার কিনতে হয়। এ অবস্থায় কৃষক কার্ডের মাধ্যমে নির্ধারিত দামে এক বস্তা
সার পাওয়া তাদের জন্য কিছুটা স্বস্তির। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় অনেক
কৃষক সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের স্বার্থ বিবেচনায় রেখে জব্দ করা সার নিয়ম মেনে প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এতে একদিকে অবৈধভাবে মজুত করা সার ব্যবস্থাপনায় আসছে, অন্যদিকে কৃষকরাও তুলনামূলক কম দামে সার কেনার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যে গত ২৫ সেপ্টেম্বর জীবননগর শহরের একটি সারের দোকান থেকে ৪০০ বস্তা ও পরের দিন ২৬ সেপ্টেম্বর জীবননগর থানার ওসি সোলায়মান শেখ হাসাদাহের একটি সারের দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা সরকারি ৫১২ বস্তা সার জব্দ করেন। জীবননগর উপজেলায় সম্প্রতি অবৈধভাবে মজুত ও সরকারি মূল্যের সার অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে একাধিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ সার জব্দ করা হয়। পরবর্তী সময়ে জব্দ করা সার বিধি অনুযায়ী কৃষকদের মধ্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জীবননগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন,“জব্দকৃত সারগুলো কৃষি বিভাগের তত্ত্বাবধানে প্রকৃত কৃষকদের মধ্যে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রত্যেক কৃষককে নিয়ম অনুযায়ী এক বস্তা করে সার দেওয়া হবে। এতে কোনো ডিলার বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ থাকবে না। তিনি আরো বলেন,কৃষকের স্বার্থ বিবেচনায় রেখে স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ করা হবে। কৃষক কার্ড যাচাই করে প্রকৃত কৃষকদের কাছেই এসব সার পৌঁছে দেওয়া হবে এবং বিক্রির অর্থ সরকারি নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।”