কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মাইশা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া মধ্যপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা আক্তার উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর এলাকার সুফিয়ান ভূঁইয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে আসে শিশু মাইশা। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকার সুযোগে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর মাইশাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে পুকুর থেকে মাইশার মরদেহ উদ্ধার করা হয়।
মাত্র তিন বছরের শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মাইশার আকস্মিক মৃত্যুতে নানির বাড়ি ও তার নিজ বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ‘সকালে হঠাৎ শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এত ছোট একটি শিশুর এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, ‘শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’