প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১০:২৫ এএম
ঝিনাইদহের শৈলকুপায় এক যুবকের ডোপ টেস্ট করানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপায় এক যুবকের ডোপ টেস্ট করানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতেত অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে মাদকের বিষয়ে থানায় অভিযোগ করেন একই গ্রামের শামীম হোসেন নামের এক যুবক। মাদকসেবী সন্দেহে শাওনকে আটক করে পুলিশ। তবে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে গ্রামে সালিশে বসে। শালিস চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সালিশ চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।