মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২২:৫৮ পিএম
ঝড়ে ক্ষতিগ্রস্ত কলাবাগান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলা ও পেঁপে বাগানে। প্রাথমিক হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫৩ হেক্টর জমির কলা ও পেঁপের বাগান বিধ্বস্ত হয়েছে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। মুহূর্তের ঝড়ে অনেকের দীর্ঘদিনের শ্রম, বিনিয়োগ ও ফসল ঘরে তোলার স্বপ্ন ভেঙে গেছে।
বুধবার দুপুর ১২টার দিকে হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হয়। এতে শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকার বাগান লণ্ডভণ্ড হয়ে যায়।ৎ

কোথাও কলাগাছ ভেঙে গেছে, আবার কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে, আনারস ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও।
মধুপুর উপজেলা কৃষি অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব এলাকায় প্রায় ২৭ হেক্টর কলা এবং ২৬ হেক্টর পেঁপের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ শেষে এ পরিমাণ আরও বাড়তে পারে। আনারস ও বিভিন্ন সবজি বাগানের ক্ষয়ক্ষতির হিসাবও সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম মোবাইল ফোনে বলেন, “প্রাথমিকভাবে শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছা এলাকায় ২৭ হেক্টর কলা এবং ২৬ হেক্টর পেঁপের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে।”
স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিনের শ্রম ও অর্থ বিনিয়োগের পর বাগানগুলোতে ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছিল। অনেকেই ধারদেনা ও সঞ্চয়ের টাকা দিয়ে কলা, আনারস ও পেঁপে চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক ঝড়ে মুহূর্তেই তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে।
হরিণধরা গ্রামের কৃষক আবু সায়েম হোসেন বলেন, “জীবনের প্রায় অর্ধেক পুঁজি আনারস ও কলাবাগানে ব্যয় করেছি। ফসল ভালো হলে পরিবারের অনেক প্রয়োজন মেটানোর আশা ছিল। কিন্তু হঠাৎ ঝড়ে সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল।’
ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পুনরায় চাষাবাদে সহযোগিতা এবং প্রয়োজনীয় কৃষি-প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।