× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

রোগী আছে, সেবা নেই

ইফতেখার মাহমুদ পাভেল, কোম্পানীগঞ্জ (সিলেট) :

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৩৫ পিএম

জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একদিকে চিকিৎসক, নার্স সংকট; অন্যদিকে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। তার মধ্যে আবার বিদেশে পাড়ি জমিয়েছেন চিকিৎসক, নার্সসহ পাঁচজন। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারা। উপজেলার দুই লাখ মানুষের একমাত্র স্বাস্থ্যসেবার ভরসাস্থল উপজেলা কমপ্লেক্সটি নানা সংকটে এখন নিজেই রোগী।

জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে ৭০০-৮০০ ও জরুরি বিভাগ ১৫০-২০০ রোগী আসে। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪৫ জন রোগী ভর্তি থাকে। অথচ যন্ত্রপাতির অভাব ও জনবল সংকটের কারণে হচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা। এ সুযোগে আলট্রাসনোগ্রাম ও এক্স-রের মতো গুরুত্বপূর্ণ সেবা দিয়ে ফায়দা লুটছে ডায়াগনস্টিক সেন্টারগুলো। 

এ ছাড়া একমাত্র জরাজীর্ণ অ্যাম্বুলেন্সটি দিয়ে রোগী পরিবহনের ফলে অনেক সময় মাঝপথে গাড়ি নষ্ট হয়ে ঘটছে বড় ধরনের বিপত্তি।

সরজমিনে গিয়ে দেখা গেছে, নেই আলট্রাসনোগ্রাফি মেশিন। নষ্ট হয়ে পড়ে রয়েছে এক্স-রে মেশিন। বন্ধ প্যাথলজি বিভাগ। নেই রেডিওগ্রাফার ও টেকনিশিয়ান। হয় না কোনো পরীক্ষা। দুটি ফার্মাসিস্ট পদই শূন্য, এ জন্য বাধ্য হয়েই ওষুধ বিতরণ করেন অফিস সহায়ক।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে নির্মিত হয় ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ ২২ বছর পর ২০১৯ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখন ৫০ শয্যার এ হাসপাতালে ৪২ চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন ১১ জন। স্টাফ নার্সের ২৫ পদের বিপরীতে কর্মরত আছেন আটজন। এর মধ্যে যোগদান করে কর্মস্থলে অনুপস্থিত তিনজন। আরও একজন ডেপুটেশনে অন্যত্র রয়েছেন। তৃতীয় শ্রেণির ৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০ জন এবং চতুর্থ শ্রেণির ১৯টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ছয়জন।

আরও জানা যায়, অননুমোদিত অনুপস্থিত সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ মাহবুবুল আলম ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে আমেরিকায়, রুহুল আমীন ২০২২ সালের ৯ মার্চ থেকে আমেরিকায়, মান্না বেগম ২০২৫ সালের ৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় এবং মিডওয়াইফ সুবি বেগম ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে কানাডায় রয়েছেন। এ জন্য অচলাবস্থার সৃষ্টি হয়েছে নার্সিংসেবায়ও।

রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বর, সর্দি-কাশি, পাতলা পায়খানা ও চর্মরোগের মতো রোগের চিকিৎসা হয় এ স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ছাড়া অন্য কোনো রোগের চিকিৎসা পাওয়া যায় না। এ জন্য বাধ্য হয়েই সচ্ছল রোগীরা শহরমুখী আর গবিব রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।

চিকিৎসা নিতে আসা স্বপ্না বেগম, মনোয়ারা, রহিমা বিবি নামে কয়েকজন রোগী জানান, রোগীদের প্রচুর ভিড় থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ওষুধ নিতে হচ্ছে। ফ্যান না থাকায় তীব্র গরমে আমাদের অনেক কষ্ট হয়। 

প্রসূতি মায়েদের জরুরি সিজারের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করে রাবিয়া বেগম নামের এক সেবাপ্রত্যাশী বলেন, সন্তান গর্ভে থাকাকালীন সময় এ হাসপাতালে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে পারিনি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা তিনজন‌ স্টাফ নার্স ও একজন মিডওয়াইফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। জনবল ও যন্ত্রপাতি সংকটের কারণে মানসম্মত সেবা খুবই কষ্টকর হয়ে পড়েছে। বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী মহোদয় আমাদের নতুন একটি অ্যাম্বুলেন্স দিবেন বলে আশ্বস্ত করেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, সিলেটে আমরা যন্ত্রপাতির অভাব ও জনবল সংকটে ভুগছি। জেলার ১২টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কোম্পানীগঞ্জে নার্স খুবই কম।এক-চতুর্থাংশ নার্সও নাই। তার মধ্যে যারা অননুমোদিত অনুপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। সহসাই তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে পদগুলো শূন্য করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা