× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা-সিলেট মহাসড়ক

অতিরিক্ত লোডে দেবে যাচ্ছে সড়ক

এন এ মুরাদ, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:২৪ পিএম

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা অংশের ৫৪ কিলোমিটারের মধ্যে প্রায় ৪৪ কিলোমিটার এলাকাজুড়েই দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা অংশের ৫৪ কিলোমিটারের মধ্যে প্রায় ৪৪ কিলোমিটার এলাকাজুড়েই দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা অংশের ৫৪ কিলোমিটারের মধ্যে প্রায় ৪৪ কিলোমিটার এলাকাজুড়েই দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ পোহাচ্ছে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর সড়কের খানাখন্দ সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সুফল। সংস্কারের পর কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন স্থানে ফের সৃষ্টি হচ্ছে গর্ত ও খানাখন্দ।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, মহাসড়কের কিছু এলাকায় মাটির নিচের স্তর তুলনামূলক দুর্বল। এর সঙ্গে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করায় সংস্কার করা সড়কও দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা-সিলেট মহাসড়ক। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক ও ভারী যান চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, এসব যানবাহনের একটি অংশ অনুমোদিত সীমার তুলনায় অতিরিক্ত পণ্য বহন করছে। ফলে সড়কের স্থায়িত্ব কমার পাশাপাশি বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে গর্ত ও খানাখন্দ।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কোম্পানীগঞ্জ, ভিংলাবাড়ী, পান্নারপুল, দেবিদ্বারের ফুলগাছতলা, কালিকাপুর, হাতিমারা ও কংশনগর এলাকায় সংস্কার করা সড়কের বিভিন্ন অংশ ফের ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে এসেছে। আবার কোনো কোনো স্থানে সড়ক দেবে গিয়ে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। মহাসড়কের কয়েকটি সেতুতেও ভারী যানবাহনের চাপ নিয়ে উদ্বেগ রয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৩ ধারায় অনুমোদিত লেডেন ওজন, ট্রেইন ওজন বা এক্সেল ওজনের অতিরিক্ত পণ্য বহন করে মোটরযান চালানো নিষিদ্ধ করা হয়েছে। একই ধারায় অতিরিক্ত ওজন শনাক্ত হলে তা কমানোর নির্দেশ দেওয়ার বিধান রয়েছে। অতিরিক্ত ওজনের কারণে সড়ক, মহাসড়ক, সেতু বা অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে মালিক ও চালকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধানও রয়েছে।

আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি ও আইনের প্রয়োগ পর্যাপ্ত নয়। ফলে অতিরিক্ত পণ্য নিয়ে নির্বিঘ্নে চলছে ভারী যানবাহন। এতে একদিকে দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাসড়ক, অন্যদিকে বাড়ছে জনদুর্ভোগ।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু সড়ক সংস্কার কিংবা প্রশস্ত করলেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। সড়কের নকশা ও অনুমোদিত ওজনসীমা অনুযায়ী ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণ করা না গেলে কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার বা প্রশস্তকরণ করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অতিরিক্ত পাথর বোঝাই গাড়িগুলোর কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও গাড়ি দেবে গেলে আমরা উদ্ধার করতে হিমশিম খাচ্ছি। তবে আইমগত ব্যবস্থ নেওয়ার জন্য স্কেল প্রয়োজন। স্কেল না থাকায় ওজন নির্ণয় করা সম্ভব হচ্ছে না। ফলে আইন প্রয়োগও সঠিকভাবে করা যাচ্ছে না।’

কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়কে ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের যানবাহন চলাচল করছে। এ কারণে সড়ক সংস্কার করেও ঠিক রাখা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা