হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:২১ পিএম
স্কুল ফিডিংয়ে উচ্ছ্বসিত রাজারহাটের কোমলমতি শিক্ষার্থীরা। স্কুল ফিডিং কর্মসূচিতে বেড়েছে বিদ্যালয়ে উপস্থিতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালুর পর বদলে গেছে বিদ্যালয়ের চিত্র। পুষ্টিকর খাবার ও সকালের নাস্তার আকর্ষণে বিদ্যালয়মুখী হচ্ছে কোমলমতি শিশুরা। বাড়ছে শিক্ষার্থীর উপস্থিতি, কমছে অনুপস্থিতি ও ঝরে পড়ার প্রবণতা।
চলাকালীন উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। শিক্ষকরা বলছেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর পর নিয়মিত বিদ্যালয়ে আসার প্রবণতা বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে।
উপজেলা ইএসডিও অফিস সূত্রে জানা গেছে, শিশুদের পুষ্টির চাহিদা পূরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু রয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। এসব বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ জন শিক্ষার্থীকে নিয়মিত বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।
তথ্য অনুযায়ী, কর্মসূচি শুরুর আগে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর এসব বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ১৩ হাজার ৯৪৩ জন। পরে শিক্ষার্থী সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৫৭ জনে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সেই সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ৪৬ জনে। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৫ হাজার ৩২১ জন। প্রতিদিনই নতুন করে শিক্ষার্থী বিদ্যালয়মুখী হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের নিয়মিত বনরুটি, কলা, সেদ্ধ ডিম, দুধ ও বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে এসব খাবার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন আনন্দ দেখা যাচ্ছে, তেমনি অভিভাবকরাও কর্মসূচিটিকে ইতিবাচকভাবে দেখছেন।
রাজারহাট চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী অনুরাধা মণ্ডল (৬) বলে, “আমরা ডিম, কলা, বিস্কুট, দুধ ও বনরুটি পাই। এগুলো খুব ভালো লাগে। এজন্য কোনো দিন স্কুল ফাঁকি দিই না।”
রাজারহাট চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নুর ইসলাম বলেন, “বিদ্যালয়ে মিড-ডে মিল চালু হওয়ার পর দিন দিন শিক্ষার্থী বাড়ছে। খাবারের মধ্যে শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান রয়েছে। এতে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে আসছে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ বলেন, “মিড-ডে মিল চালুর পর থেকেই স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগে উন্নীত হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও চরাঞ্চলের যেসব শিশু নানা কারণে অনিয়মিত ছিল, তারা এখন প্রতিদিন আগ্রহ নিয়ে স্কুলে আসছে। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ঝরে পড়া রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”