প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম
নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় একসঙ্গে তিন ভাইয়ের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় একসঙ্গে তিন ভাইয়ের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। অন্যদিকে টাঙ্গাইল, রাজবাড়ী ও পাবনায় পৃথক মামলায় আদালত চারজনের যাবজ্জীবন ঘোষণা করেছেন। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় একসঙ্গে আপন তিন ভাইকে ফাঁসি দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক। বুধবার দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন সাজা পেয়েছেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম সাজা ভোগ করতে হবে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার চর ভোলামরি এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবি স্থানীয় চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসেছিলেন। জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালান এবং কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে নান্দাইল থানায় হত্যা মামলা করেন।
ময়মনসিংহ আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ জন আসামির মধ্যে ১১ জনের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেছেন। এই রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসাদুল পলাতক রয়েছেন।
টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে নারী ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালত। এ ছাড়া তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ ও আয়নালের ছেলে রুবেল। মঙ্গলবার জেলা জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী : ঢাকার সাভারের পোশাক শ্রমিক হাসনা বেগমকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শ্বাসরোধে হত্যার অভিযোগে আদালত আলমাস বেপারী নামের এক যুবককে যাবজ্জীবন সাজা এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম সাজা দিয়েছেন। আলমাস বেপারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচর হাজী গফুর মণ্ডলপাড়ার মাহাম বেপারীর ছেলে। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এ রায় দেন। রায় দেওয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
পাবনা : পাবনা শহরে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লাল মোহাম্মদ লালু (৩৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক জনাব আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত লাল মোহাম্মদ লালু রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর এলাকার মৃত মুনসাদ আলীর ছেলে। আসামি জামিনে মুক্ত থাকায় আজকে রায়ের দিন হাজির হোননি। ফলে আসামিকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।