কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:০৩ পিএম
কুড়িগ্রাম থানা। ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি তামজিদ হাসানের বাবা-মাকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।
এ ঘটনায় সাংবাদিকের পিতা আহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী শামসাদ বেগমও চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক তামজিদ হাসান। অভিযোগে রমজান আলী, মামুনুর রশিদ মামুন, মনোয়ারা বেগম, রফিক মিয়া ও আতিকুজ্জামান আতিককে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক তামজিদ হাসান বলেন, ‘বিবদমান জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। সেখানে বিবাদীরা আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে জমি দখলের পাঁয়তারা করছে। তারা আমার বাবা-মাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’