রামগড় (খাগড়াছড়ি) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৭ পিএম
খাগড়াছড়ির সীমান্ত এলাকায় বিভিন্ন সফল অভিযানে বিজিবির হাতে আটক হওয়া প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাগড়াছড়ির সীমান্ত এলাকায় বিভিন্ন সফল অভিযানে বিজিবির হাতে আটক হওয়া প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
বুধবার সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর
বাস্কেটবল গ্রাউন্ডে বিধি মোতাবেক এসব মাদক বিনষ্ট করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুইমারা সেক্টরের
অধীনস্থ যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) বিগত ২০২২
সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান
চালিয়ে এসব মাদক উদ্ধার করেছিল। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে বিভিন্ন ভারতীয়
ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা ও নানা ধরনের তামাকজাতীয় মাদকদ্রব্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, বিজিওএম, পিএসসি। বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে
কঠোর অবস্থান বজায় রাখা আমাদের অস্তিত্বের প্রশ্ন। বহির্বিশ্বের প্রকাশ্য শত্রুর
চেয়েও মাদকের অভ্যন্তরীণ সামাজিক ভয়াবহতা অনেক বেশি ক্ষতিকর ও ভয়ংকর। পরিবার ও
সমাজকে সুরক্ষিত রাখতে সর্বস্তর থেকে মাদককে 'না' বলতে হবে, তবেই মাদকের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সততা ও পেশাদারিত্বের সঙ্গে
নিরলস কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মাদক ধ্বংস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল
ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম এবং যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম উপস্থিত ছিলেন।
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রামগড় উপজেলা নির্বাহী অফিসার, রামগড় থানার ওসি, স্থানীয় স্কুল-কলেজের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের বিজিবি সদস্যরা উপস্থিত থেকে এ মাদক
ধ্বংস প্রত্যক্ষ করেন।