× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ মধ্যরাত থেকে ২২ দিন মা-ইলিশ ধরা বন্ধ থাকবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৫ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ২০:২০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

মা-ইলিশ যাতে কোনোভাবেই ধরা না হয়, তার জন্য বুধবার মধ্যরাত থেকে দেশের সমুদ্রসহ নদীগুলোতে ইলিশ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা বলবৎ শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণ ইলিশের প্রজনন বাড়ানো। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা-ইলিশ ধরা বন্ধ থাকবে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবর-

ভোলা : ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি হওয়ায় জেলেরা কর্মহীন হয়ে পড়বে। তাদের আয়ের খোলা থাকবে না। তাই সরকার জেলেদের চাল বিতরণ শুরু করেছে। বুধবার দুপুরে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্ধোধন করেন সদরের ইউএনও সজল কুমার দাস। এ সময় প্রত্যেক জেলেকে ২৫ কেজি চাল দেওয়া করা হয়। সদরের ইউএনও বলেন, স্বচ্ছভাবে জেলেদের মধ্যে ভিজিএফের চাল দেওয়া শুরু হয়েছে। জেলেরা যাতে চাল ওজনে কম না পায়, সেজন্য তাদের নজরদারী অব্যাহত থাকবে। এছাড়াও প্রকৃত কার্ডধারী জেলে দেখে চাল দেওয়া হবে। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার ১৯০ কিলোমিটার মেঘনা ও তেতুলিয়া নদী ইলিশসহ সব ধরেনর মাছ শিকার বন্ধ করেছে সরকার। 

কলাপাড়া (পটুয়াখালী) : ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাধাহীন প্রজননের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা। ইতোমধ্যে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর মহিপুর-আলিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী সহ উপকুলের হাজারো জেলেরা তীরে ফিরে এসেছেন । জেলেদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তারা বলছে, ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের সমুদ্রে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়বে। কোনো উপার্জন থাকবে না। তবে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন,  ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় উপজেলার ১৮ হাজার নিবন্ধিত জেলেদের প্রত্যকে ২৫ কেজি চাল পাবেন।

বরিশাল : ইলিশের প্রজনন বাড়ানোর লক্ষ্যে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।  তবে মা-ইলিশ যাতে জেলার না ধরেন তা নিয়ে বরিশালে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ’ বিষয়ে বিভাগীয় সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। 

উজিরপুর (বরিশাল) : ইলিশের প্রজনন কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। তার জন্য সরকার ২২ দিনের সময় বেঁধে দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেরা উপার্জনহীন হয়ে পড়বেন। পরিবার-পরিজন নিয়ে তারা সমস্যা থাকবেন। তাই সরকার নিবন্ধিত জেলেদের প্রণোদনার ব্যবস্থা করেছে। বরিশালের উজিরপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন করেন উপজেলা ইউএনও আলী সুজা। পরে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। 

লক্ষ্মীপুর : মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা বলবৎ হতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে জেলেরা নৌকা নিয়ে তীরে ভিড়ছেন। মৎস্য বিভাগ জানায়, রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। জেলায় প্রায় ৫৪ হাজার জেলে নিবন্ধিত রয়েছে। প্রত্যেক জেলে ২৫ কেজি চাল পাবেন জানান জেলা মৎস্য কর্মকর্তা।

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) : নিষেধাজ্ঞাকালীন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এলাকার মেঘনা নদীতে কোনো জেলে মাছ শিকার করতে পারবেন না। উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সীমানার মধ্যে নির্ধারিত সময়ে মাছ শিকার পুরোপুরি বন্ধ থাকবে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ এবং কোস্ট গার্ড যৌথভাবে নদীতে প্রতিদিন ২৪ ঘণ্টা তদারকি ও অভিযান পরিচালনা করবে। উপজেলায় নিবন্ধিত ১১ হাজার ৫০০ জন জেলের প্রত্যেকে ২৫ কেজি করে চাল পাবেন। উল্লেখ্য, নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধ অমান্য করলে জেল-জরিমানার মুখে পড়তে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা