নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:৫০ পিএম
কেন্দুয়া থানা। ফাইল ছবি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাছ পরিবহনের গাড়িতে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলাম (৫০), বাবুল মিয়া (৫৫), সোহেল মিয়া (৩৫), সিজালক মিয়া (৫২), বকুলা খাতুন (৬০) ও বাচ্চু মিয়াকে (৪৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্তত ১৩ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তি তার ফিশারিতে কৈ মাছ চাষ করেন। বুধবার সকালে মাছ বিক্রির পর ব্যাপারীরা পিকআপ ভ্যান বা ট্রাকে মাছ নিয়ে যাওয়ার সময় কাঁচা রাস্তাটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করেন একই গ্রামের সুনু মিয়া। এ নিয়ে সুনু মিয়ার সঙ্গে মাছ চাষি পক্ষের লোকজনের প্রথমে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।