× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই শতকের দ্বারপ্রান্তে কলেজিয়েট স্কুল, গৌরবের আড়ালে প্রযুক্তির সংকট

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৫:২০ পিএম

রাজশাহী কলেজিয়েট স্কুলের ক্লাসরুমে শিক্ষার্থীরা। প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী কলেজিয়েট স্কুলের ক্লাসরুমে শিক্ষার্থীরা। প্রতিদিনের বাংলাদেশ

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজিয়েট স্কুল। প্রায় দুই শতকের পথচলায় ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার, ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ, পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনসহ সামরিক, প্রশাসন, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির অঙ্গনে অসংখ্য কৃতী মানুষ এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছেন। 

প্রতি বছর ভালো ফলাফলের কারণে রাজশাহীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেও নিজের অবস্থান ধরে রেখেছে স্কুলটি। তবে সাফল্য ও ঐতিহ্যের আড়ালে রয়েছে নানা সংকট। প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর এই বিদ্যালয়ে নেই কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল বোর্ড। প্রযুক্তি ল্যাব থাকলেও রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও ব্যবহারের সীমাবদ্ধতা।

পুরোনো ভবনের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও ভাঙা জানালা; জরাজীর্ণ ক্লাসরুমেই চলছে পাঠদান। শিক্ষার্থীদের অভিযোগ, শৌচাগারে রয়েছে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতা। নেই স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী ও লাইব্রেরিয়ান। খেলার মাঠ থাকলেও বর্ষাকালে পানি জমে তা হয়ে পড়ে খেলাধূলার অনুপযোগী।

অর্থাৎ ফলাফল ও ঐতিহ্যে এগিয়ে থাকা প্রায় দুই শতকের এই প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার ক্ষেত্রে এখনও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলছে।

ঐতিহ্যের দীর্ঘ পথচলা

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৮২৮ সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে ‘বউলিয়া ইংলিশ স্কুল’ নামে রাজশাহী কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু হয়। পরে ১৮৩৬ সালের ২০ জুন বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে। ১৮৭৩ সালে বউলিয়া সরকারি ইংলিশ স্কুলের সঙ্গে কলেজের দুটি শ্রেণি যুক্ত হলে প্রতিষ্ঠানের নাম হয় ‘রাজশাহী কলেজিয়েট স্কুল’।

প্রায় দুই শতকের এই পথচলায় প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, রাজশাহীর শিক্ষা, সংস্কৃতি ও মননচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে।

এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ও মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি বীর উত্তম এ. কে. খন্দকার, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার, ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, প্রত্নতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ, পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার, কথাসাহিত্যিক প্রমথনাথ বিশী, স্থপতি মাজহারুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, সংগীতশিল্পী জেমস, ভাস্কর মৃণাল হক, বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান, বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট), রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী এশাসহ বহু গুণী ব্যক্তি।

বর্তমানে প্রায় ০.৯৭ একর জমির ওপর তিনটি ভবনে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলে। ২০০৮ সালে একাদশ শ্রেণি চালু করা হয় এবং ২০১০ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।

প্রযুক্তির যুগে পুরোনো বোর্ডেই পাঠদান

ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিনির্ভর পাঠদানের যুগে এসেও রাজশাহী কলেজিয়েট স্কুলে নেই কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম। ক্লাসরুমেও নেই ডিজিটাল বোর্ড। পুরোনো বোর্ডে লেখা-মোছার মাধ্যমেই চলছে পাঠদান।

বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব রয়েছে। প্রধান শিক্ষক বাইরুল ইসলাম বলেন, সেখানে আগে ১৭টি কম্পিউটার থাকলেও বর্তমানে ১৪টি সচল রয়েছে। তবে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা দেওয়ার জন্য আরও আধুনিক ডিজিটাল ল্যাব প্রয়োজন।

এ ছাড়া বিটিসিএলের উদ্যোগে বিদ্যালয়ে একটি ল্যাব স্থাপন করা হলেও শিক্ষার্থীদের অভিযোগ, সেটি নিয়মিত ব্যবহার করা হয় না। দীর্ঘদিন ধরে ল্যাবটি বন্ধ অবস্থায় পড়ে থাকার কথাও জানিয়েছেন তারা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল বলেন, আমাদের স্কুলে কোনো ল্যাব আছে কি না আমরা জানি না। একটি ল্যাব আছে, কিন্তু সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয় না। পঞ্চম শ্রেণির আরেক শিক্ষার্থী আব্দুল্লা ফাহিম বলেন, আমাদের স্কুলে কোনো ডিজিটাল বোর্ড নেই। সাদা রঙের বোর্ড আছে, যা বেশ পুরোনো। লিখলে ডাস্টার দিয়ে কালি ভালোভাবে তোলা যায় না। টিস্যু দিয়ে মুছতে হয়। এছাড়া ওয়াশরুমে প্রচুর গন্ধ, যা অনেক সময় ক্লাসরুমেও চলে আসে।

শিক্ষার্থী আবির বলেন, আমাদের ক্লাসরুমে ডিজিটাল বোর্ড নেই। পাশাপাশি পাখাগুলোর অবস্থাও খুব ভালো নয়। বিদ্যুৎ চলে গেলে ক্লাস করা মুশকিল হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে আমরাও নিরাপদ পানি খেতে পারি না। স্কুলে কোনো পানির ফিল্টার নেই।

প্রধান শিক্ষক বাইরুল ইসলাম বলেন, স্কুলে বর্তমানে কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই। একটি আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা গেলে শিক্ষকদের পাঠদান এবং শিক্ষার্থীদের শেখার গুণগত মান আরও উন্নত করা সম্ভব হবে। প্রযুক্তির সীমাবদ্ধতা দূর করতে এ ধরনের সুবিধা অত্যন্ত প্রয়োজন।

পুরোনো ভবনে ঝুঁকি, খসে পড়ছে পলেস্তারা

রাজশাহী কলেজিয়েট স্কুলের তিনটি নিজস্ব ভবনের বেশির ভাগই পুরোনো। ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও জানালার কাচ ভাঙা। এসব পুরোনো অবকাঠামোর মধ্যেই নিয়মিত ক্লাস করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ভবনের বিভিন্ন অংশের এমন অবস্থায় তাদের মধ্যে সবসময় এক ধরনের আতঙ্ক তৈরি হয়।

শিক্ষার্থী নেহাল আহমেদ অনন্ত বলেন, আমাদের ভবনগুলোর বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়ছে। এছাড়াও আমাদের খেলার মাঠের অবস্থা খুব নাজেহাল। সরকার এগুলোর ওপর নজর দেবে বলে আমরা আশা করছি।

রাজশাহী কলেজিয়েট স্কুলের ক্লাসরুম ও ব্লাকবোর্ডের করুণ অবস্থা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান শিক্ষক বাইরুল ইসলাম বলেন, স্কুলের পুরোনো দুটি ভবনের কিছু অংশ সংস্কারের প্রয়োজন রয়েছে। এর মধ্যে একটি ভবনের সংস্কারের জন্য ইতোমধ্যে ৩০ লাখ টাকা বাজেট পাওয়া গেছে এবং সংস্কারের কাজ এগিয়ে চলছে। পরবর্তী বাজেটে আরেকটি ভবনের সংস্কারসহ বাকি ভবনগুলোর প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, একসময় স্কুলের একটি পুরোনো ভবন ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ছিল। লম্বা গোলাকার স্তম্ভ, উঁচু ছাদ ও প্রশস্ত গ্যালারি ক্লাসরুম ছিল ভবনটির অন্যতম বৈশিষ্ট্য।

তিনি বলেন, দুঃখজনকভাবে ১৯৮৬ সালের পর অথবা ১৯৯০ সালের দিকে ভবনটি ভেঙে ফেলা হয়। অথচ ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ভবনটি সংরক্ষণ করা প্রয়োজন ছিল। কারণ, এই স্কুলেরই একটি ক্লাসরুমে রাজশাহী কলেজের শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল। তাই ভবনটি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি রাজশাহীর শিক্ষা ইতিহাসেরও গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।

মাঠ আছে, নেই খেলাধূলার পরিবেশ

রাজশাহী কলেজিয়েট স্কুলে খেলার মাঠ থাকলেও সেটি সবসময় ব্যবহার উপযোগী থাকে না। বর্ষাকালে মাঠে পানি জমে যায়। উঁচু-নিচু ও কাদাযুক্ত হয়ে পড়ায় তখন খেলাধূলা করা কঠিন হয়ে পড়ে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারদিন আহমেদ বলেন, খেলার মাঠ আছে, কিন্তু খেলার কোনো পরিবেশ নেই। ময়লা-আবর্জনায় ভরপুর থাকে। মাঠ সবসময় অপরিচ্ছন্ন থাকে। এদিকে আমাদের লাইব্রেরিতেও আমরা কখনোই যেতে পারি না।

শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, স্কুলের মাঠে নিয়মিত খেলাধূলা হলেও বর্ষাকালে সেখানে পানি জমে যায়। মাঠটি মাটি দিয়ে ভরাট করে কিছুটা ঢালু করা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করা গেলে খেলাধূলার পরিবেশ আরও সুন্দর হবে।

তিনি জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের খেলাধূলার কার্যক্রম নিয়মিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে।

 শৌচাগারে দুর্গন্ধ, নেই পরিচ্ছন্নতাকর্মী

বিদ্যালয়ের শৌচাগার নিয়েও রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ। তাদের মতে, শৌচাগারে নিয়মিত দুর্গন্ধ থাকে। অপরিচ্ছন্নতার কারণে অনেক সময় নাক-মুখ বন্ধ করে সেখানে যেতে হয়। পানি খাওয়ার ট্যাপগুলোরও বেশ কয়েকটি নষ্ট হয়ে পড়ে আছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সবচেয়ে বড় বিষয়, এত বড় একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী কোনো পরিচ্ছন্নতাকর্মী নেই।

সহকারী শিক্ষক শহিদুল্লাহ বলেন, সরকারি প্রতিষ্ঠান হলেও স্কুলে কোনো সরকারি পরিচ্ছন্নতাকর্মী নেই। ফলে বেসরকারি বিভিন্ন ফান্ডের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজ চালিয়ে নিতে হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়।

 শিক্ষক থাকলেও কর্মচারীর ঘাটতি

বিদ্যালয়ে শিক্ষক সংকট তুলনামূলকভাবে কম থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ বিভিন্ন পদে জনবল সংকট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। অফিস সহকারী ও অফিস সহায়কসহ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

শহিদুল্লাহ বলেন, অফিস সহকারী ও অফিস সহায়কসহ বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে শিক্ষকদেরও বিভিন্ন দাপ্তরিক কাজে যুক্ত হতে হচ্ছে। এতে অনেক সময় নিয়মিত পাঠদান কিছুটা ব্যাহত হয়। তারপরও শিক্ষকরা নিজেদের দায়িত্বের পাশাপাশি এসব অতিরিক্ত কাজ সামলে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে দৈনন্দিন ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের জন্য ভালো কমনরুম, খেলাঘর ও ইনডোর গেমসের ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না।

এদিকে কলেজিয়েট স্কুলের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে লাইব্রেরি থাকলেও সেখানে নেই কোনো লাইব্রেরিয়ান। ফলে বইগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস তৈরিতে লাইব্রেরিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

স্কুলের শিক্ষার্থী ফারদিন আহমেদ বলেন, আমাদের লাইব্রেরিতে আমরা কখনোই যেতে পারি না।

রাজশাহী কলেজিয়েট স্কুলের ক্লাসরুম ও ব্লাকবোর্ডের করুণ অবস্থা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাবেকদের চোখে কলেজিয়েট স্কুল

রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানটি শুধু একটি স্কুল নয়; এটি তাদের শৈশব-কৈশোরের অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান। রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ও কলেজিয়েট স্কুলের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ডা. রোকনুজ্জামান রিপন স্কুলজীবনের একটি ঘটনা স্মরণ করে বলেন, একদিন তিন বন্ধুকে টিফিনে স্কুল থেকে পালাতে দেখে তিনিও তাদের সঙ্গে পালিয়ে যান। পরদিন ভীষণ দুশ্চিন্তা নিয়ে ক্লাসে গেলেও শিক্ষক তাকে শনাক্ত করতে পারেননি।

তিনি বলেন, সেদিনের সেই উৎকণ্ঠার মুহূর্ত আজও স্পষ্ট মনে আছে। ক্লাস শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম এবং মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম- এ ধরনের ভুল আর কখনও করব না। সেটাই ছিল আমার জীবনের প্রথম ও শেষ স্কুল পালানো।

স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী কলেজিয়েট স্কুল আমাদের কাছে মায়ের মতো। এই প্রতিষ্ঠানই আমাদের পথ দেখিয়ে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

তিনি জানান, তার বাবা এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তার পরিবারের চতুর্থ প্রজন্মও একই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে।

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় কতটা?

রাজশাহী কলেজিয়েট স্কুলের গৌরব অস্বীকার করার সুযোগ নেই। প্রায় দুই শতকের ইতিহাস, অসংখ্য কৃতী শিক্ষার্থী এবং ধারাবাহিক ভালো ফলাফল প্রতিষ্ঠানটির শক্তিশালী অবস্থানকে তুলে ধরে।

কিন্তু বর্তমান বাস্তবতা বলছে, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার ব্যবধানও রয়েছে। প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য নেই মাল্টিমিডিয়া ক্লাসরুম, নেই ডিজিটাল বোর্ড; প্রযুক্তি ল্যাবে রয়েছে সীমাবদ্ধতা; পুরোনো ভবনের সংস্কার প্রয়োজন; শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থায় রয়েছে ঘাটতি; লাইব্রেরিতে নেই লাইব্রেরিয়ান এবং খেলাধূলার মাঠেও রয়েছে সমস্যা।

প্রধান শিক্ষক বাইরুল ইসলাম বলেন, এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি ভবনের সংস্কারের জন্য ইতোমধ্যে ৩০ লাখ টাকা পাওয়া গেছে। বাকি ভবনগুলোর সংস্কার, পরিচ্ছন্নতা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও পরবর্তী সময়ে উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষক আবু তোরাব আলী আজাদ বলেন, এই স্কুলের দীর্ঘ ইতিহাস থাকলেও বর্তমানে এর পুরোনো ঐতিহ্যের অনেক নিদর্শন আর দেখা যায় না। একই সঙ্গে স্কুলের ক্লাসরুম ও অন্যান্য শিক্ষাব্যবস্থায় আরও আধুনিক সুবিধা যুক্ত করা প্রয়োজন।

তিনি বলেন, ক্লাসরুমগুলোতে ডিজিটাল বোর্ড, আধুনিক ডিজিটাল ল্যাব ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা গেলে শিক্ষার্থীরা সময়োপযোগী শিক্ষার সুযোগ পাবে। এই স্কুল থেকে উপমহাদেশ ও দেশের অনেক গুণীজন বের হয়েছেন। ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাপ্রতিষ্ঠানটির আধুনিক সুযোগ-সুবিধাও নিশ্চিত করা জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা