× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্ঞানের আলো ছড়ানো লাইব্রেরি ভবন জীর্ণ হয়ে পড়েছে, সংস্কারের দাবি গ্রন্থপ্রেমীদের

ওবায়দুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৪:০৫ পিএম

স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রত্যন্ত গ্রামে প্রায় ২৫ বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি। স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও বইপ্রেমীদের কাছে এই লাইব্রেরি হয়ে উঠেছে জ্ঞানচর্চার অন্যতম পীঠস্থান।

কিন্তু দীর্ঘদিনের এই লাইব্রেরিটি জরাজীর্ণ হয়ে পড়েছে। গ্রন্থপ্রেমী ও এলাকার বিশিষ্টজন এর সংস্কার ও ভবনের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন। 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া স্টিমার ঘাট বাজারসংলগ্ন এলাকায় ২০০১ সালে সমাজসেবক নুরুল ইসলাম মানিকের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। বাবুগঞ্জের কৃতী সন্তান, সাবেক বিচারপতি ও সাবেক স্পিকার প্রয়াত আব্দুল জব্বার খানের স্মৃতি সংরক্ষণ এবং এলাকার মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে এটি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নিবন্ধনও পেয়েছে।

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে অন্ধকারে রই’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে লাইব্রেরির কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, বর্তমানে এখানে দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা লেখকের পাঁচ হাজারের বেশি বই রয়েছে। গল্প, উপন্যাস, ইতিহাস, দর্শন, সাহিত্যসহ নানা বিষয়ের বই পড়ার সুযোগ পাচ্ছেন স্থানীয় শিক্ষার্থী ও বইপ্রেমীরা।

লাইব্রেরিতে বসে বই পড়ার পাশাপাশি লাইব্রেরির সদস্যরা বাড়িতে বই নিয়ে পড়ার সুযোগও পান। বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে স্থানীয় যুবসমাজকে বই পড়া, জ্ঞানচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও লাইব্রেরিটি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে।

স্থানীয়দের মতে, ডিজিটাল যুগে শিশু-কিশোর ও তরুণদের একটি বড় অংশ যখন মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত, তখন গ্রামে বই পড়ার পরিবেশ ধরে রাখতে এ ধরনের পাঠাগারের গুরুত্ব অনেক বেশি। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেও এটির কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চার এই প্রতিষ্ঠানটি মানুষের উপকারে এলেও বর্তমানে লাইব্রেরির ভবন ও অবকাঠামো নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। সরেজমিনে দেখা যায়, এর ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। এটির দ্রুত সংস্কার প্রয়োজন। ভবনের পাশেই একটি খাল রয়েছে। খালের পাড়ের মাটি ক্ষয়প্রাপ্ত হলে বা সরে গেলে ভবিষ্যতে লাইব্রেরির ভবনটি ঝুঁকিতে পড়ার  সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, ভবনটি বড় ধরনের ঝুঁকিতে পড়ার আগেই সংস্কারের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ, মাটি ভরাট ও ভবনের দুর্বল অংশ সংস্কার করা জরুরি। এতে একদিকে লাইব্রেরির ভবনটি নিরাপদ থাকবে, অন্যদিকে দীর্ঘদিনের এই জ্ঞানচর্চার পীঠস্থানটির কার্যক্রমও নির্বিঘ্নে চালিয়ে নেওয়া সম্ভব হবে।

লাইব্রেরির প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম মানিক বলেন, দীর্ঘদিন ধরে এটি এলাকার মানুষের বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে যাতে খালের কারণে ভবনটি কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে, সেজন্য আগাম ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারি সহযোগিতা পেলে লাইব্রেরির কার্যক্রম আরও বাড়ানো সম্ভব হবে।

নিয়মিত পাঠক আরাফাত হোসেন মৃধা বলেন, অজপাড়াগাঁয়ে এমন একটি পাঠাগার এলাকার জন্য বড় সম্পদ। মোবাইল ফোনের অপব্যবহার থেকে তরুণদের দূরে রাখতে বই পড়ার পরিবেশ আরও প্রসারিত করা দরকার। পাশাপাশি পাঠাগারের ভবন ও পরিবেশ রক্ষায় এখনই সংস্কার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

লাইব্রেরির উপদেষ্টা ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেন, একটি গ্রামীণ পাঠাগার শুধু বই রাখার জায়গা নয়, এটি একটি এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার কেন্দ্র। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানটির ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা ইউএনও আসমা উল হুসনা বলেন, লাইব্রেরিটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চায় ভূমিকা রাখছে। ভবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা