× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে বিনামূল্যে খতনার পর অসুস্থ অর্ধশত শিশু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ০৮:৫৩ এএম

গত ৪ অক্টোবর দ্বীপের সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গত ৪ অক্টোবর দ্বীপের সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মাথায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অন্তত অর্ধশত শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণ দেখা দিয়েছে। অসুস্থ শিশুদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বীপের হাসপাতালে ছুটেছেন স্বজনেরা। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানো হয়েছে। তবে নৌযান না পাওয়ায় একজন শিশুকে টেকনাফে নেওয়া নিয়ে বিপাকে পড়েছেন তার স্বজনেরা।

গত ৪ অক্টোবর দ্বীপের সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এমবিবিএস চিকিৎসক মো. আব্দুর রহিম রিফাতের নেতৃত্বে ১৪ সদস্যের একটি মেডিক্যাল টিম ওই দিন ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খতনা করে। পরে তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

কিন্তু কর্মসূচির দুই দিন পর মঙ্গলবার খতনা করানো শিশুদের মধ্যে একের পর এক অসুস্থতার খবর আসতে থাকে। ক্ষতস্থানে ব্যথা, ফুলে যাওয়া, পুঁজ ও ইনফেকশনের পাশাপাশি রক্তক্ষরণ শুরু হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকেরা। একপর্যায়ে অন্তত ৫০ শিশুকে চিকিৎসার জন্য সেন্টমার্টিন হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, অসুস্থ শিশুদের মধ্যে মো. ফয়সাল ও আইনুল ইসলাম নামে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের টেকনাফে রেফার করা হয়েছে।

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খতনা করানো ৫০ শিশু চিকিৎসা নিতে এসেছে। অনেকের ইনফেকশন হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। দুজন শিশুর অবস্থা খুব খারাপ হওয়ায় তাদের টেকনাফে রেফার করা হয়েছে”।

অসুস্থ শিশুদের পরিবারের সদস্যদের অভিযোগ, খতনা করানোর পর থেকেই শিশুদের ক্ষতস্থানে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। প্রথমে ব্যথা ও ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলেও পরে কারও কারও ক্ষতস্থান থেকে পুঁজ বের হওয়া ও রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের হাসপাতালে নিতে বাধ্য হন স্বজনেরা।

দ্বীপের বাসিন্দা কবির আহমেদের ছেলে আইনুল ইসলামের বয়স ৯ বছর। দুই দিন আগে ওই মেডিক্যাল টিমের মাধ্যমে ছেলের খতনা করিয়েছিলেন তিনি।

কবির আহমেদ বলেন, “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছেলেকে ওষুধও দিয়েছি। এরপরও তার এমন অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছি। ধারণা করছি, হয়তো ভুল চিকিৎসা হয়েছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে টেকনাফে রেফার করা হয়েছে। কিন্তু কোনো ট্রলার না পাওয়ায় ছেলেকে টেকনাফের হাসপাতালে নিতে পারছি না”।

খতনা করানোর সময় স্বাস্থ্যবিধি ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় সতর্কতা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একসঙ্গে বিপুলসংখ্যক শিশুর খতনা করানোর ক্ষেত্রে চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।


তবে শিশুদের ইনফেকশন ও রক্তক্ষরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকদের মূল্যায়ন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছেন হাসপাতাল কৃর্তৃপক্ষ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “একটি মেডিক্যাল টিম বিনামূল্যে ২১০ শিশুর খতনা করিয়েছে। এর দুই দিন পর কিছু শিশুর রক্তক্ষরণ দেখা দিয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, তা আমার জানা নেই”।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. এনামুল হক বলেন, “সেন্টমার্টিনে একটি মেডিক্যাল টিম দুই শতাধিক শিশুকে খতনা করেছে। এর মধ্যে ৫০ শিশু ইনফেকশন ও রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে মেডিক্যাল টিমের দ্বীপে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি”।

এদিকে কর্মসূচির আয়োজক মেডিক্যাল টিমের প্রধান চিকিৎসক মো. আব্দুর রহিম রিফাতের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

দ্বীপের বাসিন্দা তৈয়ব উল্লাহ বলেন, “বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দ্বীপের অধিকাংশ পরিবার অসচ্ছল হওয়ায় কোনো শিশুর বড় ধরনের জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে”।

তিনি বলেন, “শিশুদের অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয় এবং চিকিৎসায় কোনো ভুল বা অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন”।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, “খতনা করানোর পর বেশ কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত মেডিক্যাল টিমের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা