প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২১:২২ পিএম
একই রাতে চুরি ও চুরির চেষ্টা চলেছে একই গ্রামের চার বাড়িতে। এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের রামগাঁতী গ্রামে। গত সোমবার দিবাগত রাতে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মতিনের ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। একই রাতে সাবেক রাষ্ট্রদূত ইখতিয়ার চৌধুরী এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক-সাংবাদিক ইমতিয়ার শামীমের বাড়িতেও তালা ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর ও তছনছ করেছে চোররা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তাদের প্রতিবেশি সাগর চৌধুরী জানিয়েছেন, তার বাড়ি থেকে নগদ প্রায় ২৫ হাজার টাকা, সোনার অলঙ্কার, কাপড়চোপড় ছাড়াও ফ্রিজে রাখা মাংস নিয়ে গেছে চোররা।
চুরির খবর পেয়ে উল্লাপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে। এ প্রসঙ্গে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছি ঘরের তালা কেটে চুরির ঘটনার সত্যতা পেয়েছি। ভুক্তভোগী সাগর চৌধুরী থানায় এসেছিলেন। সঙ্গে সাবেক রাষ্ট্রদূতের ভাই বখতিয়ার চৌধুরীও ছিলেন। ওসি স্যার তাদের অভিযোগ দিতে বলেছেন। ভুক্তভোগীরা আগামীকাল (আজ বুধবার) অভিযোগ দেবেন।’
তিনি বলেন, ‘ওই এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’
এক রাতে পাশাপাশি একাধিক বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শুধু রামগাঁতী নয়, আশপাশের এলাকাতেও সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। পাশের কানসোনা গ্রামেও একই পরিস্থিতি বিরাজ করছে। সেখানে কয়েকদিন আগে উন্নয়ন পরামর্শক পিন্টু ভৌমিকের বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, রামগাঁতী ও কানসোনাসহ আশপাশের এলাকায় রাতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন। চুরির সঙ্গে জড়িত চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।