কালাই (জয়পুরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৮:১৪ পিএম
বগুড়া জেলার সীমান্ত ঘেঁষা নুনগোলা খালের পাড় ধরে হেঁটে চলাচল করতে হয় গ্রামের বাসিন্দাদের। বৃষ্টি হলে দুর্ভোগের আর সীমা থাকে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ছোট্ট একটা গ্রাম বান্ডইল সীমান্ত পাড়া। গ্রামটিতে বসবাস করেন অর্ধশতাধিক পরিবার। কিন্তু চলাচলের জন্য নেই কোনো রাস্তা। বগুড়া জেলার সীমান্ত ঘেঁষা নুনগোলা খালের পাড় ধরে হেঁটে চলাচল করতে হয় গ্রামের বাসিন্দাদের।
প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কাঁচা এই পথে চলাচলের জন্য নেই কোনো যানবাহন। তাই বাধ্য হয়েই হেঁটে বা বাইসাইকেলে চলাচল করেন গ্রামবাসী।
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ৪নং ওর্য়াডের অন্তর্ভুক্ত
এই বান্ডইল গ্রামÑ যা শিকটা সীমান্ত পাড়া নামেও পরিচিত।
গ্রামবাসী জানান, ১৯৯৫ সালে নদী ভাঙনে ভিটে মাটি হারিয়ে জামালপুর
জেলার ইসলামপুর এলাকা থেকে এসে কিছু লোকজন উপজেলার সরকারি বান্ডইল শ্মশান ঘাটের ৮৩
শতক জায়গার উপরে বসবাস শুরু করেন। গত তিন দশক ধরেই তারা এখানেই বসবাস করছেন এবং এখানকার
ভোটারও হয়েছেন। বর্তমানে বান্ডইল সীমান্ত পাড়া গ্রামে অর্ধ শতাধিক পরিবার বসবাস করে।
যেখানে ভোটার রয়েছে প্রায় শতাধিক। কিন্তু এই গ্রাম থেকে জয়পুরহাট-বগুড়া প্রধান সড়কে
যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। ফলে নানা ভোগান্তিতে পড়তে হয় গ্রামবাসীকে। বিশেষ করে
শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী ও গর্ভবতী মহিলারা চরম ভোগান্তির শিকার হোন। গর্ভবতী মহিলাকে
জরুরি প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হলে কাঠের পাটাতনে শুইয়ে দিয়ে প্রধান সড়কে নিয়ে
যেতে হয়Ñ যা খুবই কষ্টসাধ্য ও রোগীর জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সীমাহীন এ দুর্ভোগ
যেন গ্রামবাসীর নিত্যদিনের সঙ্গী।
ভুক্তভোগী বান্ডইল সীমান্ত পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আমিনুর
ইসলাম বলেন, আমাদের বাড়ি ছিল জামালপুর জেলার
ইসলামপুর থানায়। নদী ভাঙনে আমাদের ঘরবাড়ি সব ভেঙে যাওয়ার কারণে বস্তুহারা হয়ে আমরা
এসেছি জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্ত পাড়া গ্রামে। কিন্ত রাস্তা না থাকায় আমরা চরম
ভোগান্তিতে আছি। যেখানে নেই কোন রাস্তা, নেই কোন যানবাহন।
গ্রামের আরেক বাসিন্দা দেলোয়ার বলেন, শিকটা সীমান্তপাড়া গ্রামে
দেড় থেকে দুইশো লোকের বসবাস। আমাদের রাস্তা ঘাট নেই। আমরা রাস্তার জন্য খুব কষ্টে আছি।
দীর্ঘদিন হলো আমাদের রাস্তা কেউ ঠিক করে দেয়নি। ২ কিলোমিটার এ রাস্তা নিয়ে আমরা খুব
কষ্টে আছি। সরকারের কাছে আবেদন আমাদের রাস্তাটি তাড়াতাড়ি করে দেন।
পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোর্শেদ ইসলাম বলেন, পুনট
ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বান্ডইল সীমান্ত পাড়া নামে একটা গ্রাম আছে। এই গ্রামের ভোটার
সংখ্যা ১২০ জন এবং সবমিলে জনসংখ্যা প্রায় দুই শতাধিক। কিন্তু বান্ডইল সীমান্ত পাড়া
গ্রামের কোনো রাস্তা নেই। তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য এবং রোগীদের নিরাপদে ও দ্রুত
হাসপাতালে নেওয়ার জন্য রাস্তা খুবই প্রয়োজন। তাই আমি গ্রামের জনগণের দাবির সঙ্গে একাত্মতা
প্রকাশ করছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাই বান্ডইল সীমান্ত
পাড়া গ্রামের রাস্তাটা যেন দ্রুত হয়।
কালাই উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, জয়পুরহাট -বগুড়া
রোড থেকে বান্ডুইল গ্রামের যে রাস্তা সেটি কিছুদিন আগে গেজেটেড ভুক্ত হয়েছে অর্থাৎ
আইডিভুক্ত হয়েছে। আমরা পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পাকাকরণের
অনুমোদন আসলে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
গ্রামবাসীর অভিযোগ নির্বাচন এলে প্রতিশ্রুতির অভাব হয় না, কিন্তু
ভোট পার হলে আর কারও দেখা মেলে না। তাই সরকার ও কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীর দাবি বান্ডইল
গ্রামের রাস্তাটি যেন দ্রুত নির্মাণ করা হয়।