নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৫ পিএম
নওগাঁ সীমান্ত বিজিবির তৎপরতায় বিএসএফের পৃুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ছবি: সংগৃহীত
নওগাঁয় বিজিবির ১৪ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকার দুই স্থান দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবির তৎপরতায় তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ।
জেলার পত্নীতলা উপজেলার কড়িয়া ও সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্তে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সকালে কড়িয়া সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই তিনজনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়।
বিজিবি আরও জানায়, একই সময়ে সোনাডাঙা সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই চারজন একই পরিবারের সদস্য।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পত্নীতলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তা প্রতিহত করে।
একইভাবে সাপাহারের সোনাডাঙা সীমান্তে আরও চারজনকে পুশইনের চেষ্টা করা হয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
এ ঘটনায় দুই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।