× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলির ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর)

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৫:২১ পিএম

 হাকিমপুর (হিলি) উপজেলায় নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাকিমপুর (হিলি) উপজেলায় নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতেই নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

ফলে দাপ্তরিক কাজের পাশাপাশি ক্লাসরুমেও পাঠদান করতে হচ্ছে ভারপ্রাপ্তদের। আবার কোনো শিক্ষক ছুটিতে গেলে অন্য শিক্ষকদের ওপর বাড়ছে অতিরিক্ত ক্লাসের চাপ। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন একজন সহকারী শিক্ষক। ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি তাকে সামলাতে হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। কাগজপত্র তৈরি, অফিসের বিভিন্ন কাজসহ দাপ্তরিক দায়িত্ব পালনের কারণে অনেক সময় ক্লাসরুমে পর্যাপ্ত সময় দিতে পারছেন না তিনি।

নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আলমাস বলেন, প্রধান শিক্ষকের দায়িত্বের পাশাপাশি ক্লাসরুমে পাঠদান করতে হয়। একই সঙ্গে অফিসের বিভিন্ন কাজও সামলাতে হচ্ছে। ফলে দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শুধু প্রধান শিক্ষক সংকট নয়, কয়েকটি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। কোনো শিক্ষক ছুটিতে গেলে অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। এতে নিয়মিত পাঠদান পরিচালনা করতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আইনুনাহার এলি বলেন, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা শিক্ষককে প্রশাসনিক কাজেও সময় দিতে হয়। ফলে ক্লাসরুমে পাঠদানের সময় কিছুটা কমে যায়।

একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাকুলি আক্তারও শিক্ষক সংকটের কারণে বাড়তি চাপের কথা জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক কম থাকায় কখনও কখনও সব ক্লাসে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না। এতে তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।

অভিভাবকরাও বলছেন, শিক্ষক সংকটে সন্তানদের পড়াশোনা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত। দ্রুত শিক্ষক সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা।

হাকিমপুর উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জামান আলী বলেন, প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষকদের প্রশাসনিক কাজের পাশাপাশি ক্লাসও নিতে হচ্ছে। এতে স্বাভাবিকভাবেই তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

তবে শিক্ষক সংকট থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের সমস্যা হচ্ছে না বলে দাবি করেছেন হাকিমপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালেব আলম। তিনি বলেন, বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয়ভাবে দায়িত্ব বণ্টন করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হয়েছে। দ্রুত শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে ভারপ্রাপ্ত শিক্ষকদের ওপর প্রশাসনিক চাপ কমার পাশাপাশি ক্লাসরুমে পাঠদান আরও নিয়মিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা