× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদল নিয়ে প্রশ্ন

হাফিজুর রহমান চয়ন, হাওরাঞ্চল

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৪:২৪ পিএম

মোহনগঞ্জে সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোহনগঞ্জে সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে দ্বায়িত্ব নিতে অনিহা থাকা সত্ত্বেও ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রদবদলের অভিযোগ উঠেছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট শিক্ষকদের দাবি, তাদের অনাগ্রহ ও দায়িত্ব পালনে অপারগতার বিষয়টি লিখিতভাবে জানানো হলেও তা বিবেচনায় না নিয়ে নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ রদবদল করেছেন।

সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, কয়েকটি বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা অসুস্থতা, বয়স, আইসিটি বিষয়ে দক্ষতার ঘাটতি এবং অতিরিক্ত প্রশাসনিক চাপ সামলাতে না পারার কারণ দেখিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে তারা তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেন। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অপেক্ষাকৃত জুনিয়র হলেও আইসিটিতে দক্ষ ও প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম কয়েকজন সহকারী শিক্ষককে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তখন থেকেই যথারীতি দ্বায়িত্ব পালন করে আসছিলেন। 

কিন্তু সম্প্রতি নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ দায়িত্ব নেওয়ার পর ওই বিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে আবারও রদবদল করা হয়। আর এ বিষয়ে ওই শিক্ষা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ায় এ নিয়ে শিক্ষক সমাজসহ এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নব-নিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এমন বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে থাকে।

সংশ্লিষ্ট শিক্ষকদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে এবং আগের লিখিত আবেদনগুলো আমলে না নিয়েই জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষকদের ভাষ্যমতে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, এর সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য সংরক্ষণ, অনলাইনে তথ্য আদান-প্রদান, বিভিন্ন ধরনের তথ্য এন্ট্রি, দাপ্তরিক কাজসহ নানা দায়িত্ব জড়িত। এসব কাজের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দক্ষতার প্রয়োজন। কিন্তু জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের অনেকেই এসব কাজে দক্ষ নন। এ ছাড়া অনেকের চাকরির মেয়াদও শেষের দিকে। ফলে এ বয়সে অতিরিক্ত প্রশাসনিক চাপ নেওয়া তাদের জন্য কঠিন।

পৌরশহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন,  বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। তিনি দায়িত্ব নিতে অপার তা লিখিতভাবে কর্মকর্তাকে জানিয়ে ছিলেন। তারপর সবাই আলোচনা করে স্কুল ম্যানেজিং কমিটির রেজ্যুলেশনের মাধ্যমে আমাকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, যদিও আমি এ দায়িত্ব নিতে আগ্রহী ছিলাম  না। অন্যান্যদের ক্ষেত্রেও একই অবস্থা, কেউই এ দায়িত্ব নিতে সম্মতি জানাননি। কারণ এ দায়িত্বে বাড়তি কোনো সুযোগ সুবিধা নেই। তবু বিদ্যালয়ের স্বার্থে রাজি হয়েছি। এখন আবার চিঠি দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আমরা অনিয়ম করে দায়িত্বে ছিলাম। বিষয়টা দুঃখজনক। অন্যান্য শিক্ষকরাও একই ধরনের মন্তব্য করেছেন।

এ বিষয়ে সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খাতেমুন্নাহার বলেন, আমি নানা রোগে আক্রান্ত। ফলে এসব উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব না নেওয়ার জন্য আবেদন করেছিলাম। তাই অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আবার আমাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে। এটা আমার জন্য কষ্টকর হবে। তাই শিক্ষা কর্মকর্তার কাছে কয়েকদিন সময় চেয়েছি।

দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম শাহ বলেন, আমি এই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকেই আমি দায়িত্বে রয়েছি। এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের সবচেয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে। সেই বিধি অনুসরণ করেই ১১টি বিদ্যালয়ে রদবদল করা হয়েছে।

তিনি বলেন, আগে কীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটি আমার জানা নেই। তবে আমি দায়িত্ব নেওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। পৌর শহরের দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে তিনি বলেন, অন্যগুলোর মতোই ওই স্কুলেও আলোচনার মাধ্যমে জুনিয়র একজনকে প্রথমে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছিল, তবে নিয়মানুযায়ী জ্যৈষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা