রাজশাহী অফিস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৪:২১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৪:২২ পিএম
রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। ফাইল ছবি
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে অস্ত্রের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে ৪০ থেকে ৫০ জনের একটি দল উপাচার্যের কার্যালয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন উপাচার্যের পিএস (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হোসেন।
নাজমুল হোসেন জানান, তার কাছ থেকেও চাকরি থেকে অব্যাহতির পত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সেকশন অফিসার হিসেবেও কর্মরত নাজমুল হোসেন বলেন, “আমি উপাচার্যের পিএস হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। মঙ্গলবার দুপুরে ৪০ থেকে ৫০ জনের একটি দল উপাচার্যের কার্যালয়ে ঢুকে তার কক্ষে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়”।
নাজমুল হোসেন আরও বলেন, “একই সময় আমার কাছ থেকেও চাকরি থেকে অব্যাহতির পত্রে স্বাক্ষর নেওয়া হয়। ওই ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছেন”।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়ে তারা চলে যান বলে দাবি করেন তিনি।
ঘটনার পর রাজশাহী মহানগর পুলিশ বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, “ঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে।”
এদিকে মঙ্গলবার দুপুরেই রাষ্ট্রপতির কার্যালয় এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক পদত্যাগপত্র দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে চার বছরের জন্য রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।