× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুহুরী-কহুয়া প্রকল্প

দেড় হাজার কোটি টাকা ব্যয়ে বন্যামুক্তির স্বপ্ন

আবদুল্লাহ আল-মামুন, ফেনী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৩:৫৬ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৪:০০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বর্ষায় উত্তর ফেনীর (পরশুরাম ও ফুলগাজী) মানুষের জীবন বদলে যায়। আকাশে মেঘ জমলেই দেখা দেয় উৎকণ্ঠা। উজানে পাহাড়ি ঢলের খবর এলেই মুহুরী-কহুয়া নদীর বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় পড়েন স্থানীয়রা।

বেড়িবাঁধটির কোথাও রয়ে গেছে এখনও ভাঙনের পুরোনো ক্ষত, কোথাও বাঁধ দুর্বল হয়ে পড়েছে, ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পরশুরাম ও ফুলগাজীর মানুষ উদ্বিগ্ন হয়ে ওঠেন। কারণ তাদের কাছে বন্যা কেবল কয়েক দিনের জলাবদ্ধতা নয়। বন্যা বয়ে নিয়ে আসে  অনিশ্চিয়তা। ঘরবাড়ি, ফসলি জমি, জীবিকা ও স্বাভাবিক জীবন বিপন্ন করে তোলে।

এবার সেই অনিশ্চয়তা কাটাবে বলে স্বপ্ন দেখাচ্ছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় নদী খননের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের উদ্বোধনে উত্তর ফেনীতে আশার সঞ্চার হলেও মানুষের মনে প্রশ্ন একটাই- এবার কি সত্যিই বন্ধ হবে বাঁধ ভাঙার পুনরাবৃত্তি, না কি কয়েক বছর পর আবারও একই দুর্ভোগ, একই মেরামত আর সরকারি অর্থ ব্যয়ের চক্রে ফিরতে হবে?

বাঁধ নির্মাণের ইতিহাস, ভাঙনেরও দীর্ঘ তালিকা

২০০৬ সালে ১৫১ কোটি টাকা ব্যয়ে ১২২ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শুরু হয়। ২০১০ সালে কাজ শেষ হলেও পরবর্তী সময়ে বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। ২০১৩ সালেও মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়। এরপর ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ৯৫টি স্থানে বাঁধ মেরামতে ব্যয় হয় প্রায় ৯ কোটি ৯০ লাখ টাকা।

কিন্তু এত মেরামতেও স্থায়ী সমাধান আসেনি। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানি উন্নয়ন বোর্ডের হিসাবে ৯৯টি স্থানে বাঁধ ভেঙে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসব অংশ মেরামতে ব্যয় করা হয় প্রায় ১৯ কোটি টাকা। ২০২৫ সালের জুনেও টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলগাজীর বণিকপাড়া এলাকায় মুহুরী নদীর বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। অর্থাৎ, বাঁধ নির্মাণ হয়েছে, মেরামত হয়েছে, অর্থও ব্যয় হয়েছে- কিন্তু নদীর সঙ্গে মানুষের দীর্ঘদিনের লড়াই থামেনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে মুহুরী-কহুয়া প্রকল্পের সূচনা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


এবার পরিকল্পনায় শুধু বাঁধ নয়, পুরো নদীব্যবস্থা

আগের অভিজ্ঞতা বিবেচনায় এবারের প্রকল্পে বাঁধ পুনর্বাসনের পাশাপাশি নদী খনন, নদীতীর সংরক্ষণ, পানি নিষ্কাশন ও সেচ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় রয়েছে- ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন। ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন, ৭৭টি ইনলেট নির্মাণ।

২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নদীর পানি ধারণক্ষমতা ও প্রবাহ বাড়ানো, দ্রুত পানি নিষ্কাশন এবং কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করাই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তবে প্রকল্পের সাফল্য নির্ভর করবে পরিকল্পনার প্রতিটি কাজ যথাযথভাবে কতটা বাস্তবায়িত হচ্ছে তার ওপর।

এমন বাঁধ চাই, যা কয়েক বছর পর আবার ভাঙবে না’

পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত শফি উল্লাহর প্রত্যাশা, এবার যেন কাজের মান নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। তিনি মনে করেন, সেনাবাহিনীর মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হলে কাজের গুণগত মান ও টেকসই বাঁধের নিশ্চয়তা পাওয়া যাবে। তার প্রত্যাশা, এমনভাবে বাঁধ নির্মাণ করা হোক, যাতে অল্প সময়ের ব্যবধানে একই স্থানে আবার ভাঙন দেখা না দেয়।

মির্জানগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেনের উদ্বেগ আরও নির্দিষ্ট। তার ভাষ্য, বল্লামুখা থেকে কাশিনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মুহুরী নদীর বেড়িবাঁধ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তিনি বলেন, প্রকল্পের নকশা অনুযায়ী বাঁধের উচ্চতা, প্রস্থ ও মাটির গুণগত মান নিশ্চিত করতে হবে। নদীতীর সংরক্ষণে ব্যবহৃত উপকরণ এবং নদী খননের নির্ধারিত পরিমাণ বাস্তবায়নেও থাকতে হবে কঠোর নজরদারি। স্থানীয়দের এসব দাবি প্রকল্পের প্রতি অনাস্থার চেয়ে অতীত অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া সতর্ক প্রত্যাশারই প্রতিফলন।

মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরশুরাম উপজেলার মানচিত্র পর্যবেক্ষণ করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ 

বন্যার পানি নেমেছে, কৃষকের জমিতে 

রয়ে গেছে বালুর পাহাড়

বন্যার ক্ষতি শুধু পানি নেমে যাওয়ার সঙ্গে শেষ হয় না। এর সবচেয়ে নির্মম উদাহরণ চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের কৃষক নুর আহমেদ। ২০২৪ সালের বন্যায় তার চার কানি জমি প্রায় ছয় থেকে সাত ফুট বালুর নিচে চাপা পড়ে। এখনও জমি সংস্কার করে ফসল ফলাতে পারেননি তিনি। একজন কৃষকের কাছে জমি শুধু সম্পদ নয়, পরিবারের জীবিকা ও ভবিষ্যতের ভরসা। বন্যার পানি সরে গেলেও জমিতে জমে থাকা বালু সেই ভরসাকে বছরের পর বছর অনিশ্চিত করে রাখে। স্থানীয়দের অভিজ্ঞতায়, বন্যার পর কৃষিজমিতে বালু জমা, ফসলহানি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতা এবং ব্যবসা-বাণিজ্যে ক্ষতির প্রভাব কয়েকটি মৌসুম পর্যন্ত স্থায়ী হয়। ফলে প্রকল্পের সাফল্য শুধু পানি আটকানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; কৃষিজমি ও মানুষের জীবিকা সুরক্ষাও হতে হবে এর অন্যতম মাপকাঠি।

পাউবো বলছে, এবার হবে টেকসই বাঁধ

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বল্লামুখা জিরো পয়েন্টের প্রায় দেড় কিলোমিটার পর থেকে মুহুরী নদীর বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি রাখা হয়েছে। তিনি জানান, নদীর অংশে সিমেন্ট ও জিওটিউব ব্যবহার করে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এতে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি ও সেচ সুবিধা এবং মানুষের যাতায়াত ও চলাচলে সুবিধা হবে।

উদ্বোধনের পর এবার বাস্তবায়নের পরীক্ষা

উত্তর ফেনীর মানুষের কাছে মুহুরী-কহুয়া প্রকল্প কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি দীর্ঘদিনের বন্যা আতঙ্ক থেকে মুক্তির প্রত্যাশা।

তবে অতীতের অভিজ্ঞতা বলছে, বড় বরাদ্দ কিংবা আনুষ্ঠানিক উদ্বোধনই স্থায়ী সমাধানের নিশ্চয়তা নয়। কাজের মান, নদীর স্বাভাবিক প্রবাহ, নির্ধারিত খনন, বাঁধের নকশা অনুসরণ এবং নিয়মিত তদারকিই নির্ধারণ করবে প্রকল্পের প্রকৃত সফলতা। দেড় হাজার কোটি টাকার এই উদ্যোগ শেষ পর্যন্ত পরশুরাম-ফুলগাজীর মানুষকে কতটা সুরক্ষা দেবে, কৃষিজমি কতটা নিরাপদ হবে, আর বর্ষা এলেই বাঁধের দিকে তাকিয়ে থাকা মানুষের উৎকণ্ঠা কতটা কমবে-তার উত্তর মিলবে আগামী বর্ষাগুলোতে। প্রকল্পের উদ্বোধনে স্বপ্নের সূচনা হয়েছে। এখন উত্তর ফেনীর মানুষের অপেক্ষা- এবার যেন বন্যার পানি নয়, উন্নয়নের সুফল পৌঁছায় তাদের ঘরে ঘরে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা